নড়াইলে উঠতি সন্ত্রাসীরা তত্পর
‘নড়াইলকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত হিসেবে গড়তে হবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে দেশীয় অস্ত্র (ঢাল, সড়কি, রামদা ইত্যাদি) জমা না দিলে ২৬ ফেব্রুয়ারি থেকে পুলিশের সাঁড়াশি অভিযানসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসীর সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।’ নড়াইল-২ আসনের সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের ৫ ফেব্রুয়ারি লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সুধী সমাবেশে এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। এতে মানুষ আশান্বিত হয়েছিল। কিন্তু বর্তমানে উঠতি সন্ত্রাসীদের অশুভ তত্পরতায় সাধারণ মানুষ দিশেহারা। চাঁদাবাজি, ছিনতাই, বোমাবাজি, মারামারি, সরকারি জমি দখলসহ এহেন অপরাধমূলক কাজ নেই, যা তারা করছে না। বেশির ভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতা ও ক্যাডার হওয়ায় পুলিশ কিছুতেই এসব অপরাধীকে থামাতে পারছে না। ৪ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। ওই সভায় উপস্থিত ক্ষমতাসীন মহাজোটের নেতারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা মনে করেন, মহাজোটের ইমেজ ক্ষুণ্ন্ন করতে পুলিশের একটি মহল বিশেষ তত্পর। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সহসভাপতি সাঈফ হাফিজুর রহমান, পিপি ছিদ্দিক আহম্মদ, জিপি অচীন চক্রবর্তী, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, কালিয়া উপজেলা চেয়ারম্যান শামীমুর রহমান খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। পুলিশের নথি থেকে জানা যায়, গত জুলাই মাসে জেলায় পাঁচটি খুন, দুইটি ধর্ষণ, তিনটি চুরি, একটি অপহরণ, ১০টি নারী নির্যাতন, পাঁচটি শিশু নির্যাতন, দুইটি অস্ত্র আইনে, সাতটি মাদক, পাঁচটি চোরাচালানসহ ৪৯টি মামলা হয়েছে। এদিকে এসব সন্ত্রাসের সঙ্গে যোগ হয়েছে ইভ টিজিং। স্কুল ও কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করতে একশ্রেণীর বখাটে আগে থেকেই শহরের শিল্পকলা একাডেমীর পাশে, সদর উপজেলা পরিষদের পেছনে, শিব শংকর বালিকা বিদ্যালয়, সিটি স্কুল, নড়াইল ভিক্টোরিয়া কলেজের পাশে, রামকৃঞ্চ আশ্রম রোডে দাঁড়িয়ে থাকে। ছাত্রীদের অজান্তে মোবাইল ফোনে ছবি তোলে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। শিব শংকর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোয়ারী লাল বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ধরতে গেলে এরা সটকে পড়ে। এক-দুদিন ঠিক থাকে পরে আবার যা তা-ই।’এলাকাবাসী সূত্রে জানা যায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, বাঁধাঘাট, নড়াইল রামকৃষ্ণ আশ্রম রোড, ভাদুলিডাঙ্গা, নড়াইল হেলিপ্যাড এলাকায় অধিকাংশ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছে একাধিক মামলার আসামি দক্ষিণ নড়াইলের মিথুন (২৪), ছাত্রলীগের নেতা সজিব (১৯), পারভেজ (২০) এবং শহরের ভাদুলিডাঙ্গা, নতুন বাসটার্মিনাল, রাইফেল ক্লাব, জমিদার বাড়ি এলাকায় অধিকাংশ ছিনতাইয়ের কাজে নেতৃত্ব দিচ্ছে মাদক ব্যবসায়ী রসুল (২৩), রয়েল (২৫), লাভলু (২০), রকিব (২৬) ও মামুন (২৪)। জানা গেছে, এদের প্রধান আশ্রয়দাতা হলেন নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলম ওরফে কাহার আলম। সরদার আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলের ভেতর ঘাপটি মেরে থাকা একটি মহল আমার রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’ এ ব্যাপারে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘ছাত্রলীগ নামধারী কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত। তবে দ্বিধাবিভক্ত ছাত্রলীগ ও যুবলীগের একটি অংশের আশ্রয়-প্রশ্রয়ের কারণে তাদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না।’সদর থানার ওসি শেখ আলমগীর বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে যথেষ্ট সতর্ক। তবে শহরে যারা অপরাধ সংঘটিত করছে, তাদের অধিকাংশই মাদকাসক্ত। তাদের গ্রেপ্তার করে হাজতে পাঠানো হচ্ছে।’ নড়াইলের পুলিশ সুপার এস এম ফজলুর রহমান বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলার অবস্থা ভালো। তবে শহরে কয়েকটি ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের মামলা করতে বলা হলেও তাঁরা মামলা করেননি। মামলা না হলে অপরাধীরা শাস্তি পাবে কীভাবে?’সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের বলেন, ‘পুলিশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। জেলার জনসংখ্যা অনুপাতে পুলিশের জনবলও অনেক কম। ফলে তাদের পক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা কষ্টসাধ্য ব্যাপার। দলের একশ্রেণীর নেতা সন্ত্রাসীদের মদদ দিয়ে বিভিন্ন অপকর্মে সহায়তা করে থাকেন। এ জন্য প্রতিটি গ্রামে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি। তবে পাশের জেলাগুলোর চেয়ে নড়াইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো।’