নড়াইলে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম অপুকে গতকাল রোববার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। জানা যায়, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর আমিরুলের সমর্থকেরা নড়াইল সদর হাসপাতাল ও একটি রেস্তোরাঁয় ভাঙচুর চালায়। এ ছাড়া তারা দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।নিহত আমিরুলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হালিম প্রথম আলোকে জানান, ‘গতকাল (রোববার) ভোরে আমিরুল একটি পুত্রসন্তানের বাবা হয়। সন্তান জন্মের পর সে কাপড়-চোপড় ও খাবার আনতে ক্লিনিক থেকে বাড়িতে গিয়েছিল। আর ফিরে আসেনি।’ এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আমিরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাজেদুল ইসলাম শহরের মুচিপোল এলাকার একটি লন্ড্রির দোকানের সামনে সদর উপজেলা যুবলীগের সভাপতি বিলো বিশ্বাস, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলম ওরফে কাহার আলম, যুবলীগের নেতা রানা ও বিশ্ব কুণ্ডুর সঙ্গে কথা বলেন। কথা শেষে আমিরুল ও সাজেদুল তাঁদের সামনে থেকে উঠে ১৫-২০ গজ যাওয়ার পর পৌর ছাত্রলীগের সভাপতি অলিদ খানের নেতৃত্বে বাপ্পী, তুষার, রিন্টু, রয়েল, মিথুন ও সজীবসহ বেশ কয়েকজন সন্ত্রাসী আমিরুল ও সাজেদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আমিরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আধাঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হামলার সময় পুলিশ কাছে দাঁড়িয়ে থাকলেও এগিয়ে আসেনি।আহত সাজেদুলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আত্মীয়স্বজন জানায়, নিরাপত্তার অভাবে তাঁকে হাসপাতাল থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।আমিরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সামনেই হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে আসবাবসহ অক্সিজেন সিলিন্ডার ভাঙচুর করে। পরে তারা পুরোনো বাস টার্মিনাল এলাকায় সোনারগাঁ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা রেস্তোরাঁর কর্মচারী ইব্রাহিম ও এনামুল কাজিকে মারধর করে। এ ছাড়া তারা পৌরসভার কুড়িগ্রাম এলাকায় কাওছার শেখ ও আসাদ মিয়ার টিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা বাঁধাঘাট এলাকায় একটি বাস ভাঙচুর করে। কাওছার শেখ ও আসাদ মিয়ার ছেলেরা সরদার আলমের পক্ষে বলে জানা গেছে।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে একটি রামদাসহ সদর উপজেলার আউড়িয়া গ্রামের রতন কুমার দাসের ছেলে রূপককে শহর থেকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পৌর যুবলীগের সভাপতি বিলো বিশ্বাস বলেন, ‘সন্তান জন্মের খবর জানাতে আমিরুল আমাদের কাছে এসেছিল। খবরটি জানিয়ে আমিরুল ও সাজেদুল কিছু দূর যাওয়ার পর অলিদ খানের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।’ তাঁর দাবি, হামলাকারীরা যুবলীগের সম্পাদক সরদার আলমের পক্ষের লোক। তিনি বলেন, সন্ত্রাসীদের ঠেকাতে গিয়ে তিনি নিজেসহ বিশ্ব কুণ্ডু ও রানা আহত হয়েছেন। বিলো বিশ্বাস বলেন, সন্ত্রাসীরা যখন আমিরুলকে কোপাচ্ছিল তখন পুলিশ ৩০ থেকে ৪০ গজ দূরে দাঁড়িয়ে ছিল। কিন্তু তারা তাঁদের বাঁচাতে এগিয়ে আসেনি।ছাত্রলীগের জেলা সভাপতি মোস্তফা কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সৌমেন বসু বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা সন্ত্রাসী ও মাদকসেবী। তাঁরা জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (আজ) নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন, নড়াইলে ছাত্রলীগ তিন ভাগে বিভক্ত। সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন খান নিলু এবং পৌর যুবলীগের সম্পাদক সরদার আলম পক্ষগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। নিহত আমিরুল নিজামউদ্দিন খানের পক্ষের লোক।নিহত আমিরুল ইসলামের বাবা আবদুল হালিম বলেন, ‘শুনেছি সরদার আলমের সন্ত্রাসীরা অপুকে হত্যা করেছে।’মুঠোফোনে সরদার আলম ও অলিদ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব-সংঘাতের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দায়িত্বহীনতার অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ নামধারী কতিপয় অছাত্র এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ সুপার এস এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তাঁর দাবি, নড়াইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পুলিশ ফাঁড়ি জামে মসজিদ চত্বরে জানাজা শেষে আমিরুলকে পৌরসভার কুড়িগ্রাম গোরস্তানে দাফন করা হয়েছে।