নড়াইলে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তাঁর পাঁচজন সমর্থক আহত হয়েছেন।গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাজ্জাদের বাড়ি উপজেলার চন্দ্রপুর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন সেলিম মোল্লা (৩৫), সবুজ মোল্লা (২৫), হিরান মোল্লা (৩৫), জান্নাত মোল্লা (৪০) ও কাক্কু শেখ (৩৫)। তাঁদের বাড়িও একই এলাকায়। তাঁদের নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতাল থেকে সবুজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের প্রায় ২০০ গজ দূরে একদল সশস্ত্র সন্ত্রাসী কৃষক লীগ নেতা ও ইউপি সদস্য সাজ্জাদের সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর সন্ত্রাসীরা ইউপি ভবনের কাছে সাজ্জাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে ইউপি ভবনের অদূরে একটি পুকুরে ফেলে যায় সন্ত্রাসীরা। গ্রামবাসী সাজ্জাদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এখানে শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাজ্জাদের মৃত্যু হয়। সাজ্জাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তাঁর সমর্থকেরা প্রতিপক্ষের ১২টি বাড়িঘরে ভাঙচুর চালায়। এ সময় লুটপাটের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া যায়। পরে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংসদ কবিরুল হক জানান, সাজ্জাদ পুরুলিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। বিএনপির একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।নিহত সাজ্জাদের স্ত্রী রুমি বেগম জানান, ‘গ্রামের একটি পক্ষের সঙ্গে সাজ্জাদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সাজ্জাদ সন্ত্রাসী হামলার আশঙ্কা করছিলেন। নিজেদের ঘর-দরজা ভালো না থাকায় তিনি কিছু দিন ধরে ইউপি ভবনে থাকতেন।’সদর হাসপাতালের মর্গে সাজ্জাদের লাশের ময়নাতদন্ত হয়। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান গতকাল সন্ধ্যায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।