নড়াইলে দুই মাসে ১০০ গ্রাম ধান-চালও সংগ্রহ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান ঠিকমতো পরিচালিত হচ্ছে না। সরকার-নির্ধারিত সংগ্রহমূল্যের চেয়ে খোলাবাজারে ধান-চালের দাম বেশি হওয়ায় কৃষক ও মিলমালিকেরা সরকারি সংগ্রহকেন্দ্রে যাচ্ছেন না। ফলে জেলার পাঁচটি খাদ্যগুদামই প্রায় ফাঁকা পড়ে আছে।জেলা খাদ্যনিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, তিনটি উপজেলায় খাদ্য বিভাগের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮২৮ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬৮৬ মেট্রিক টন। এ বছর ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ১৪ ও চাল ২২ টাকা। গত ৭ ডিসেম্বর জেলায় সংগ্রহ অভিযান শুরু হলেও ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ গ্রাম ধান-চালও সংগ্রহ হয়নি।সরেজমিন বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, খোলাবাজারে ধানের কেজি ১৬ টাকা ও চাল ২৫ থেকে ২৬ টাকা। ফলে খাদ্য বিভাগের সংগ্রহকেন্দ্রে কেউ ধান-চাল দিতে আগ্রহী হচ্ছে না।জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. কাওছার আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে খোলাবাজারে দাম বেশি হওয়ায় কৃষকসহ কোনো চালকলের মালিকই খাদ্যগুদামে ধান-চাল বিক্রি করতে আসছেন না। ২৮ ফেব্রুয়ারি এ অভিযান শেষ হবে। জেলায় চালকলের মালিকের সংখ্যা ৭৩ জন। এর মধ্যে সদরে ৩৬, লোহাগড়ায় ১৯ এবং কালিয়া উপজেলায় ১৮ জন।’