নড়াইলে নবগঙ্গার প্রাণ ফেরাতে খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃতপ্রায় নবগঙ্গা নদী বাঁচাতে ২৯ মার্চ নবগঙ্গা-মধুমতী নদীর সংযোগস্থল তেলকাড়া এলাকা থেকে খননকাজ শুরু হয়েছে। এর ফলে মধুমতী নদীর সঙ্গে নবগঙ্গার সংযোগ স্থাপিত হবে।খোঁজ নিয়ে জানা গেছে, এ কাজে দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় নদীর সাড়ে আট কিলোমিটার এলাকা খনন করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তদারকিতে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর ফলে নড়াইলের লোহাগড়া অংশে নবগঙ্গা নদীর প্রায় ২৫ কিলোমিটার এলাকা নাব্যতা ফিরে পাবে। নদীসংলগ্ন প্রায় ১০ হাজার হেক্টর কৃষি জমি সেচসুবিধা পাবে। আবারও নদীর তীরবর্তী ছোট-বড় ২৫টি বাজারের ব্যবসা-বাণিজ্য সচল হয়ে উঠবে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী রতন কুমার দে জানান, নবগঙ্গা মাগুরা থেকে এসে লোহাগড়া-মহাজন-কালিয়া হয়ে খুলনার ভৈরব নদের সঙ্গে মিশেছে। মাঝখানে লোহাগড়ার তেলকাড়া এলাকায় গোপালগঞ্জের মধুমতী নদী এসে নবগঙ্গার সঙ্গে মিশেছে। কিন্তু তেলকাড়া এলাকা থেকে লোহাগড়ার দিঘলিয়া পর্যন্ত নবগঙ্গার আট কিলোমিটার এলাকা নাব্যতা হারিয়ে ফেলায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই অংশটি খননের ফলে নবগঙ্গা মাগুরা থেকে খুলনার ভৈরব নদ পর্যন্ত পানির প্রবাহ ফিরে পাবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪০ দিনের কর্মসৃজনে নদী খননকাজে জনপ্রতি ১৫০ টাকা মজুরির বিনিময়ে প্রতিদিন চার হাজার শ্রমিকের কাজ করার কথা।৪ এপ্রিল সরেজমিন দেখা গেছে, প্রতিদিন চার হাজার শ্রমিকের খননকাজ করার কথা থাকলেও সেখানে চার ভাগের এক ভাগ শ্রমিক কাজ করছেন। সরু নদীতে পানির প্রবাহ থাকায় ঠিকমতো মাটি কাটা যাচ্ছে না। কিছু শ্রমিক নবগঙ্গা-মধুমতীর মোহনায় মাটি ফেলে পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালাচ্ছে, অন্যরা কোদাল দিয়ে নদীর পাড় চেঁছে ফেলার চেষ্টা করছে। এ ব্যাপারে সিডিএসের (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) সুপারভাইজার আসাফুদ্দৌলা বলেন, ‘নদী খননকাজে প্রতিদিন চার হাজার শ্রমিকের কাজ করার কথা। কিন্তু নদীতে (বর্তমানে সরু খাল) পানি প্রবাহ থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছে। এ কারণে নদীর মোহনায় মাটি ফেলে পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে। তবে ৪০ দিনের কর্মসৃজনের মধ্যেই খননকাজ সম্ভব হবে।’ প্রকল্পের আরেক সুপারভাইজার শ্রাবণী বাগচী বলেন, ‘একজন সুপারভাইজারের নেতৃত্বে ৪৪৪ জন করে শ্রমিকের কাজ করার কথা। এভাবে নয়জন সুপারভাইজারের তত্ত্বাবধানে খননকাজ চলবে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে কর্মসৃজনের মধ্যে খননকাজ সম্পন্ন করা সম্ভব হবে।’ সিডিএসের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম বলেন, ‘সরু নদীতে পানিপ্রবাহ থাকায় এবং এলজিইডি তা নিষ্কাশনের ব্যবস্থা না করায় খননকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া নিয়োগ করা শ্রমিক দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা তাঁদের ইউনিয়নের অন্য কাজ করানোর কারণে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া যাচ্ছে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে খননকাজ সম্পন্ন করতে অন্য এলাকা থেকে শ্রমিক নিয়োগ করার চেষ্টা চলছে।’খনন কাজের দায়িত্বে নিয়োজিত লোহাগড়া উপজেলা প্রকৌশলী রোজদিদ হোসেন ২৭ মে এ ব্যাপারে বলেন, ‘৪ হাজার শ্রমিক দিয়ে কাজ করার কথা। ৪০ দিন পার হলেও অর্ধেক শ্রমিক কাজে ব্যবহার করে ৮ কিমির মধ্যে ৫ কিমি খনন করা হয়েছে। বৃষ্টি বন্ধ হলে বাকি কাজ বাকি শ্রমিক দিয়ে করা হবে।’