নড়াইলে পাউবোর পাঁচ কোটি টাকার কাজ ভাগাভাগির অভিযোগ
নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঁচ কোটি টাকার কাজ ভাগাভাগি করে নিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে সমঝোতা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গতকাল বুধবার কয়েকজন ঠিকাদার ছাত্রলীগ-যুবলীগের একাংশের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দরপত্র জমা দিতে গেলে ওই দুই সংগঠনের অপর পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা জানান, পাউবোর চেঞ্চুরি বিল প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার মাউলি ইউনিয়নে তিনটি এবং কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে চারটিসহ মাট সাতটি গ্রুপে বেড়িবাঁধ ও খাল পুনঃসংস্কার বাবদ সম্প্রতি প্রায় পাঁচ কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এই কাজের ভাগবাটোয়ারা নিয়ে গত মঙ্গলবার বিকেলে জেলা সার্কিট হাউসে নড়াইল-১ (কালিয়া-সদরের একাংশ) আসনের সাংসদ কবিরুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থিতিতে আলোচনায় বসেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওই বৈঠকে ঠিক হয় কোন কোন ঠিকাদার কোন কাজের জন্য দরপত্র জমা দেবেন।কিন্তু ওই সমঝোতা অনুযায়ী কাজ পাচ্ছেন না এমন কয়েকজন ঠিকাদার গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা যুবলীগের সদস্য মাসুম বিল্লাহ, আবদুস সালামসহ ছাত্র ও যুবলীগের একাংশের ১৫-২০ জন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে দরপত্র জমা দিতে যান। এ সময় যুবলীগের নেতা বাহারুল, তনু, ফিরোজ, বোরহান, সাদিয়ারসহ অপর অংশের নেতা-কর্মীরা দরপত্র জমা দিতে ওই ঠিকাদারদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগের নেতা আবদুস সালামসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় নড়াইল-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।সার্কিট হাউসে বৈঠকের বিষয়টি স্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, দরপত্র জমা দেওয়া নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ওই বৈঠকে দলীয় ঠিকাদারদের পরামর্শ দেওয়া হয়।এ বিষয়ে সাংসদ কবিরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ওই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না এবং এ ধরনের কোনো সমঝোতা হয়নি। তবে বৈঠকে সাংসদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী।জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের চেঞ্চুরি বিল প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, সাত গ্রুপে মোট ২৬টি দরপত্র জমা পড়েছে। দরপত্র জমা দেওয়ার সময় অফিসের সামনে কোনো ঝামেলা হয়েছে কি না, তা তিনি জানেন না।সংগঠনের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার বিষয় স্বীকার করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তিনি জানেন না বলে দাবি করেন। জেলা যুবলীগের আহ্বায়ক বাবুল সাহা বলেন, তিনিও দরপত্র জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। কোথায় কী হয়েছে, তাঁর জানা নেই।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।