নড়াইলে প্রকল্প বাস্তবায়নে অর্থ আত্মসাৎ, অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক একটি প্রকল্পের কর্মকর্তারা নড়াইল জেলার বাসগ্রাম ও হবখালি পরিবারকল্যাণ কেন্দ্রের (এফডব্লিউসি) জন্য যে প্রতিষ্ঠান থেকে মালামাল কেনার দাবি করেছেন, বাস্তবে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই। এ দুটি কেন্দ্র সংস্কারের জন্য যে বালু কেনা হয়েছে, তার প্রতি ঘনফুটের দাম দেখানো হয়েছে ৪০০ টাকা। অথচ সবচেয়ে ভালো বালুর প্রতি ঘনফুটের দাম ২০ টাকার মতো।এভাবে ভাউচার-বিল দিয়ে ও সামগ্রীর দাম বেশি দেখিয়ে নড়াইলে ‘মাতৃ ও নবজাতক মৃত্যু হ্রাসের ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিতকরণ প্রকল্প’-এর টাকা আত্মসাৎ ও অনিয়ম হয়েছে। মাতৃ ও নবজাতক মৃত্যু হ্রাসের ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিতকরণ প্রকল্প-সম্পর্কিত নড়াইল জেলা কমিটির (এমএনএইচ কমিটি নামে পরিচিত) মূল্যায়ন প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। জেলা পর্যায়ে কর্মসূচির পরিকল্পনা, পর্যালোচনা, নজরদারির জন্য এই কমিটি গঠন করা হয়েছে।‘নড়াইল জেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও মূল্যায়ন প্রতিবেদন-২০১০’ শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের ৫০ শতাংশ টাকা ব্যয় না করে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে আত্মসাৎ করা অর্থ ফেরত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।নড়াইলের এমএনএইচ কমিটির চেয়ারপারসন ও নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের প্রথম আলোকে বলেন, প্রকল্প বাস্তবায়নে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে অর্থ ফেরত নিতে হবে এবং তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, প্রকল্পের আওতাধীন অন্য তিনটি জেলায়ও এ ধরনের মূল্যায়ন হওয়া দরকার।২১৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে নড়াইল, ঠাকুরগাঁও, মৌলভীবাজার ও জামালপুর জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাথমিক স্বাস্থ্য) ও লাইন ডিরেক্টর এ বি এম জাহাঙ্গীর আলম বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআইডির অর্থ-সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং জাতিসংঘের তিনটি অঙ্গ সংস্থা (ইউনিসেফ, ইউএনএফপিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। ২০০৭ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে ২০১২ সালে।স্বাস্থ্য অধিদপ্তরের উপকর্মসূচি ব্যবস্থাপক আখতার জাহান বলেন, জেলায় এমএনএইচ কমিটির চেয়ারপারসন হলেন স্থানীয় সাংসদ এবং সদস্য হলেন জেলা পর্যায়ে সরকারের পদস্থ কর্মকর্তা ছাড়াও এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। কমিটি চার মাস পর পর সভা করে এবং কাজের মূল্যায়ন ও সুপারিশ করে। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই অর্থ ছাড় দেওয়া হয়।নড়াইলের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, আট সদস্যের কমিটি জেলার লোহাগড়া, কালিয়া, দিঘলিয়া ও সদরের পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেবাকেন্দ্র ও হাসপাতালে অনিয়ম পেয়েছে।সরকারি দপ্তরের কাগজপত্রে দেখা যায়, গত ২৭ এপ্রিল কমিটির সভায় কমিটির সভাপতি সাংসদ আবু বাকের প্রকল্প কীভাবে চলছে, কত বরাদ্দ, কীভাবে টাকা খরচ হচ্ছে তা জানতে চান এবং প্রকল্পের কাজ মূল্যায়নের প্রস্তাব দেন। ওই প্রস্তাব অনুযায়ী আট সদস্যের মূল্যায়ন কমিটি গঠিত হয়। ওই সভায় ইউএনএফপিএর প্রতিনিধি ডা. আতেফ উপস্থিত ছিলেন।কমিটি দুই মাস ১২ দিন বিভিন্ন পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে। ৬ সেপ্টেম্বর সিভিল সার্জনের কার্যালয়ে কমিটির সভায় ১৭ পৃষ্ঠার প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।প্রতিবেদনে যা আছে: মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, নড়াইল সদর মা ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্রে অমি মেডিকেল নামের প্রতিষ্ঠান থেকে ওষুধপত্র সরবরাহের কথা বলা হয়েছে। ওই প্রতিষ্ঠানের মালিক কালিয়া পরিবার পরিকল্পনা কেন্দ্রের একজন চিকিৎসকের স্ত্রী। ওই কেন্দ্রে ওষুধের জন্য বরাদ্দ অর্থের ৭৫ শতাংশ আত্মসাৎ করা হয়েছে।ওই কেন্দ্রে চুনকামের বিল দেখানো হয়েছে কৈলাশ কনস্ট্রাকশনের নামে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, তারা ওই কেন্দ্রে চুনকাম করেনি, বিলও নেয়নি। প্রতিবেদনে বলা হয়, যন্ত্রপাতি না কিনে টাকা দেওয়া এবং অ্যাম্বুলেন্স না চালিয়ে জ্বালানি খরচ নেওয়া হয়েছে। ভুয়া বিলে পরিচ্ছন্নতাকর্মীর বেতন দেখানো হয়েছে ২৯ হাজার টাকা।দিঘলিয়া ও কালিয়া পরিবার কল্যাণকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সংযোগের জন্য চেষ্টা করা হয়নি। অথচ কেন্দ্রের জন্য পানির মোটর ও পানির পাত্র কেনা হয়েছে। লোহাগড়া মা-শিশুস্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র সম্পর্কে বলা হয়েছে, এখানে প্রায় শতভাগ কারচুপি হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ইউএন (জাতিসংঘ) প্রতিনিধির চলমান প্রকল্পের সার্বিক সমন্বয় করার কথা। কিন্তু মাঠ ও অফিস পর্যায়ে ইউএন প্রতিনিধির ভূমিকার অভাব দেখা গেছে।এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ইউনিসেফ ও ইউএনএফপিএর কর্মকর্তারা বলেন, আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন প্রতিবেদন না পাওয়ায় তাঁরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না।জাতিসংঘের সংশ্লিষ্টতা: ইউনিসেফ ও ইউএনএফপিএর প্রতিনিধিরা গত সোমবার প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় পর্যায়ে ছয়জন এবং মাঠপর্যায়ে আটজন জাতিসংঘ কর্মকর্তা এই প্রকল্পে কাজ করছেন। এ ছাড়া মাঠপর্যায়ে চারজন গাড়িচালক আছেন।মাঠপর্যায়ে কর্মকর্তাদের কাজের ব্যাপারে জানতে চাইলে ইউনিসেফের স্বাস্থ্য ব্যবস্থাপক মুনিরা পারভীন বলেন, মাঠপর্যায়ে কাজের সমন্বয় ও মনিটরিং করাই জাতিসংঘ কর্মকর্তাদের কাজ। এ ছাড়া তাঁরা প্রকল্পে কারিগরি সহায়তা দেন।ইউএনএফপিএর প্রতিনিধি ক্রিস্টোফার ভিকেরি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে কিছু পরিবর্তন দৃশ্যমান। চারটি জেলায় মা ও নবজাতক মৃত্যু হার কমেছে। প্রকল্পের অধীন উপজেলাগুলোতে মা ও নবজাতক সেবার মান বেড়েছে। তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এই শিক্ষা জাতীয়ভাবে ব্যবহারের সুযোগ আছে।’ভুয়া উঠান বৈঠক: মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রমের মূলবার্তা জেলা ও উপজেলা পর্যায়ে ভালো সাড়া জাগাতে পারেনি। কারণ যেসব মানুষের জন্য এই প্রকল্প তাদের কাছে প্রকল্পের বার্তা পৌঁছেনি। মানুষকে সচেতন করতে অনেক উঠান বৈঠক করার দাবি করা হলেও বাস্তবে তা হয়নি।প্রতিবেদনের তথ্য উল্লেখ করে এক কর্মকর্তা বলেন, কাগজপত্রে লোহাগড়া উপজেলায় ২৮৮টি উঠান বৈঠকের কথা উল্লেখ আছে। বাস্তবে হয়েছে ১২টি। কালিয়া ও নড়াইল সদরের ক্ষেত্রেও চার শতাধিক ভুয়া বৈঠকের তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে, উঠান বৈঠকে উপস্থিতির খাতায় স্বাক্ষরগুলো একই ব্যক্তির।