নড়াইলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে কিছু বই পৌঁছায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের জানুয়ারি প্রায় শেষ হলেও নড়াইলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অনেক স্কুলে এখনো সব বিষয়ের পাঠ্যবই পৌঁছায়নি। ফলে অভিভাবকেরা পড়েছেন দুশ্চিন্তায়। ২০ জানুয়ারি সরেজমিনে কয়েকটি বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের একাধিক বিষয়ের পাঠ্যবই না পাওয়ার তথ্য পাওয়া গেছে। সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিশ্বাস বলেন, ‘বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে তৃতীয় শ্রেণীর গণিত, বাংলা, সমাজবিজ্ঞান ও ধর্ম; চতুর্থ শ্রেণীর গণিত, বাংলা ও ধর্ম; পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি ও ধর্ম এবং মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ, ইসলাম ধর্ম ও হিসাববিজ্ঞান; অষ্টম ও সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও রচনা বই পাওয়া যায়নি। তবে ষষ্ঠ শ্রেণীর কৃষিবিজ্ঞান আংশিক পাওয়া গেছে। অভিভাবক আনোয়ারা বেগম বলেন, ‘নতুন বছরের একটি মাস পার হয়ে গেল, এখনো সন্তানেরা বই পায়নি। নতুন বছর এলেই বই নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়। এতে ছেলেমেয়েদের মনও ভেঙে যায়। সরকারের আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত ছিল।’ কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলদানন্দ সরকার বলেন, ‘সব শ্রেণীর শতকরা ৬০ ভাগ বই পেয়েছি। এর মধ্যে প্রথম শ্রেণীর ইংরেজি, তৃতীয় শ্রেণীর বাংলা ও গণিত বই পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের কিছু পুরোনো বই দেওয়া হয়েছে।’ নড়াগাতি থানার বড়দিয়া ফজিলাতুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান ফিরোজ আহম্মেদ বলেন, ‘বিদ্যালয়ের সব শ্রেণীর আংশিক বই পাওয়া গেছে।’লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভরত চন্দ্র বলেন, ‘সব বিষয়ের ৬০ শতাংশ বই পাওয়া গেছে। স্কুলে নতুন ভর্তি হয়েছে এমন অনেক ছাত্রছাত্রী এখনো বই পায়নি।’জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নড়াইলের তিনটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৮৭টি ও বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭৩টি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘জেলার চাহিদানুযায়ী, ইতিমধ্যে ৯১ শতাংশ বই বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো প্রতিটি উপজেলায় প্রেরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণও করা হয়েছে। আমার জানা মতে, সব স্কুলে লেখাপড়া শুরু হয়েছে।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার মন্ডল বলেন, ‘মাধ্যমিক ও দাখিল পর্যায়ের আংশিক বই এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে জেলায় ৯৬ শতাংশ বই পাওয়া গেছে।’