নড়াইলে বখাটেদের দৌরাত্ম্য অসহায় অভিভাবক-ছাত্রীরা
ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে নয়টা। পৌরসভার মুন্সি অলিয়ার রহমান সড়কের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে চার কিশোর। বয়স ১৪-১৫ বছর। এদের তিন জনের হাতে সিগারেট, এক জনের হাতে মোবাইল ফোন। রাস্তার পশ্চিম দিক থেকে স্কুলগামী পাঁঁচ ছাত্রী গল্প করতে করতে কিশোরদের সামনে আসা মাত্রই তাদের লক্ষ্য করে নানা মন্তব্য করে তারা। কিছু বুঝে ওঠার আগেই মোবাইলে তাদের ছবি তোলে। ছাত্রীরা প্রতিবাদ না করে স্কুলের দিকে যেতে থাকে। তারা যখন সরকারি বালিকা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে, কিশোরেরা তখন ফিরে আসে। শিল্পকলা একাডেমীর সামনের মুন্সি অলিয়ার রহমান সড়কে এমন দৃশ্য দেখা গেছে ৩১ জানুয়ারি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনই এক শ্রেণীর বখাটে স্কুলের সামনে অথবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে। এদের বেশির ভাগই মাদকাসক্ত। এরা সাধারণত ক্লাস শুরুর বেশ আগেই নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অথবা আশপাশের রাস্তায় অবস্থান নেয়। তারা স্কুল-কলেজগামী ছাত্রীদের প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে। এমনকি মেয়েদের অজান্তে মোবাইলে ছবিও তুলে রাখছে তারা। এদের হাত থেকে রক্ষা পেতে অনেক মেয়ে স্কুল-কলেজে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে গেটের আশপাশে কিংবা রাস্তার মোড়ে বখাটেরা ঘুরঘুর করে। এদের কিছু বলা যায় না। কিছু বললে দেখে নেওয়ার হুমকি দেয়। একই অবস্থা রূপগঞ্জ শিবশংকর বালিকা বিদ্যালয়, পৌর মাধ্যমিক বিদ্যালয়, সিটি কলেজ ও ভিক্টোরিয়া কলেজের সামনে।’ স্কুল ছুটির সময় মেয়েকে বাসায় নিতে এসেছেন ১৫-২০ জন অভিভাবক। অভিভাবক রোমেছা আক্তার বলেন, ‘মেয়ে এ স্কুলের (সরকারি বালিকা বিদ্যালয়ের) নবম শ্রেণীর ছাত্রী। রাস্তার মোড়ে বখাটেরা আড্ডা দেওয়ার কারণে মেয়েকে একা স্কুলে পাঠাতে সাহস পাই না। সে জন্য প্রতিদিনই স্কুলে আনা-নেওয়া করতে হয়।’ অভিভাবক কল্পনা রানী বলেন, ‘বখাটেরা প্রথমে মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়, স্কুলে যাওয়ার পথে মোবাইলে ছবি তোলে। প্রেম করতে রাজি না হলে নানাভাবে হুমকি দেয়।’ পুলিশের নথি ও বিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা যায়, গত বছর বখাটেদের উত্পাত সহ্য করতে না পেরে জেলায় দুই ছাত্রী আত্মহত্যা করেছে। বিভিন্নভাবে লাঞ্ছিত ও উত্ত্যক্ত হয়েছে আরও ছয় ছাত্রী। গত বছর ২৩ জানুয়ারি লোহাগড়া উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী কোলা গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে নাজমুন নাহার কীটনাশক পানে এবং কালিয়া উপজেলার খামার পারখালি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বড়নাল গ্রামের শওকত হোসেনের মেয়ে তানিয়া খানম ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুত্ফুন্নেছা বলেন, ‘বখাটেদের উত্পাতের কারণে অনেক মেয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। অনেক অভিভাবক অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালালেও খুব বেশি কাজ হয় না।’কালিয়া উপজেলা প্যারী শংকর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রানী বলেন, ‘গত বছর অষ্টম শ্রেণীর ছাত্রী জুলেখা খানমকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই বখাটেকে পুলিশে দেওয়া হয়। এখনও কিছু বখাটে স্কুলের আশপাশে ঘুরঘুর করে।’ একই উপজেলার খামার পারখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিনয় কুমার জানান, বখাটেদের কারণে স্কুলের একটি মেয়ে আত্মহত্যা করে। তাদের দৌরাত্ম্য এখনও কমেনি।’ লোহাগড়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সালাম মল্লিক বলেন, ‘গত বছর বখাটেদের কারণে কলেজছাত্রী নাজমুন আত্মহত্যা করার পর অভিভাবকদের মনে আতঙ্ক কাটেনি। এ ঘটনার সঙ্গে জড়িত আসামি সাজ্জাদ বর্তমানে জেলহাজতে আছে। মামলার অন্য আসামি ঝন্টু পলাতক রয়েছে।’ নড়াইল পুলিশ সুপার এস এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্কুল-কলেজের সামনে পুলিশি টহল থাকায় বর্তমানে বখাটেদের তত্পরতা নেই। বখাটেরা পুলিশের নজরদারিতে রয়েছে। যথাসময়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’