নড়াইলে বিএনপির তিনটি কমিটি বাতিলের দাবিতে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া ও নড়াগাতি থানা এবং কালিয়া পৌর বিএনপির নব গঠিত তিনটি সাংগঠনিক কমিটি বাতিলের ঘোষণা চেয়ে ৩ জানুয়ারি সহকারি জজ আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। কালিয়া থানা বিএনপির সাবেক সম্পাদক সরদার আনোয়ার হোসেন, নড়াগাতি থানার জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ বুলবুল কবির ও কালিয়া পৌর বিএনপির সাবেক সম্পাদক শরিফুল সাইফুল্লাহ বাদী হয়ে এসব মামলা করেন। এ সব কমিটি কেন বাতিল করা হবে না এ মর্মে আদালত বিবাদীদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিবাদী কালিয়া থানা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে অন্য বিবাদীরা পরস্পর যোগসাজশে সম্মেলন না করে গণতন্ত্র ও গঠনতন্ত্র পরিপন্থীভাবে পকেট কমিটি করেছেন। এ ছাড়া নিজেদের পছন্দের লোকজন দিয়ে গঠিত ওই সব কমিটি জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এসব কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।