নড়াইলে বিজয় সরকার মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের শীতের কুয়াশা কাটেনি। গ্রামের শিল্পীরা কানে ও মাথায় মাফলার পেঁচিয়ে তাঁদের যন্ত্রীদের সঙ্গে নিয়ে নসিমন-করিমনে চড়ে জড়ো হতে শুরু করেন জেলা শিল্পকলা একাডেমী চত্বরে। আগেই একাডেমী চত্বর লোকে লোকারণ্য। সকাল ১০টায় শুরু হয় বিজয়গীতি প্রতিযোগিতা। শতাধিক শিল্পী কবিয়াল বিজয় সরকারের প্রতি গভীর শ্রদ্ধা ও হূদয়ের প্রীতিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর রচিত মরমি গানগুলো পরিবেশন করেন। গতকাল রোববার ছিল চারণ কবি বিজয় সরকারের ২৬তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে বিজয় সরকার ফাউন্ডেশন জেলা শিল্পকলা একাডেমী চত্বরে দুই দিনব্যাপী চারণ কবি বিজয় মেলার আয়োজন করে। বিকেলে দেশের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিল্পানুরাগীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে একাডেমী চত্বর। প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করতে এসেছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার, অধ্যাপক অনুপম হীরা মণ্ডল, স্বপন গুহ, সুকান্ত সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। আনুষ্ঠানিকতা শেষে রূপান্তরের শিল্পীরা পটগান পরিবেশন করেন। কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। চারণ কবি বিজয় সরকার ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর পরলোকগমন করেন।