নড়াইলে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির দেখা নেই। কাঠফাটা রোদে খাল-বিল-নদী-নালা শুকিয়ে গেছে। নলকূপেও পানি উঠছে না। তীব্র দাবদাহে জনজীবন ওষ্ঠাগত। লোডশেডিংয়ের কবলে পড়ে সেচ-সংকটে জমি ফেটে চৌচির, বেশির ভাগ ধান চিটা হয়ে গেছে। ফলে বোরোর ফলনও বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় নড়াইলের বিভিন্ন এলাকায় বিশেষ নামাজ আদায় ও প্রার্থনার খবর পাওয়া গেছে।৯ এপ্রিল বাদ জুমা সদর উপজেলার শাহাবাদ মাজিদিয়া আলিয়া মাদ্রাসা চত্বরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মুফাচ্ছির আবদুল আজিজ। শাহাবাদ গ্রামের ছলেমান শেখ বলেন, ‘এবার তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। বৃষ্টি নেই, বিদ্যুৎও নেই। সেচের অভাবে জমির ধান চিটা হয়ে গেছে। আমার মতো এলাকার অনেক মানুষের চরম ক্ষতি হচ্ছে। সে জন্য মাদ্রাসার হুজুরকে অনুরোধ করে বিশেষ নামাজ আদায়ের আয়োজন করতে হয়েছে।’ কালিয়া উপজেলার পহরডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সখিনা বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামী হোসেন আলী অসুখে পড়ে বিছানধারা (শয্যাশায়ী)। তাই আমারই ভূঁই (জমি) কত্তি হচ্ছে। সমিতিরথে (থেকে) কিছু টায়া লোন নিয়ে ৪০ শতক বর্গা জমিতি বোরো ধান লাগাইছি। ভালো ফলনও হইছে। কিন্তু জমিতি পুনারো দিন পানি দিতি পাত্তিছি না। ভূঁই শুওয়ে (শুকায়ে) ফাটে গেছে। ধানগুলো সাদা হয়ে যাচ্ছে।’ ভদ্রবিলা গ্রামের শরীফ মুনির হোসেন বলেন, ‘বৃষ্টি না থাকায় ঘেরের পাড়ের লাগানো প্রায় পাঁচ শ আম ও লিচুগাছের গুটি ঝরে পড়ছে।’ কৃষি অধিদপ্তরের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান জানান, জেলায় এবার ৩৭ হাজার ৩৭১ হেক্টর জমি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩৮ হাজার ২৭০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বিদ্যুৎচালিত সেচপাম্প রয়েছে ৩৩৫টি। বৃষ্টি না হওয়ায় মৌসুমি ফলগুলো ঝরে পড়ছে। সেচের অভাবে জেলায় ৬০০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নড়াইলের নির্বাহী প্রকৌশলী আবদুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘পল্লী বিদ্যুৎসহ নড়াইল জেলায় বিদ্যুৎ চাহিদা রয়েছে ১৩ দশমিক ৫০ মেগাওয়াট। এর মধ্যে সরবরাহ করা হচ্ছে ৪ দশমিক ৫০ মেগাওয়াট, তাও অনিয়মিত।’