নড়াইলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণ ও অমুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির বিরুদ্ধে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গত ২০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেছে। মামলায় নবগঠিত সদর উপজেলা কমিটির ১৩ জন সদস্যসহ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। কমিটির কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না, এ মর্মে গত ২২ সেপ্টেম্বর নড়াইল সাব জজ-১ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম ১৪ দিনের সময়সীমা বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাকরণ ও তালিকাভুক্ত অমুক্তিযোদ্ধা (যদি থাকে) যাচাই-বাছাই করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০০৯ সালের ২৯ আগস্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চিঠি দেয়। চিঠি অনুযায়ী যাচাই-বাছাই কমিটিতে উপজেলার যুদ্ধকালীন বিভিন্ন পর্যায়ের পাঁচজন কমান্ডার, সাতজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা (এর মধ্যে বিএলএফের একজন সদস্য থাকবেন) এবং প্রতিটি ইউনিয়নে মাঠপর্যায়ে যুদ্ধকালীন দুজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত প্রথম শ্রেণীর পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা ওই কমিটির সদস্যসচিব হবেন। চিঠি পাওয়ার পর পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটি গঠন এবং ১৫ কর্মদিবসের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। এ ছাড়া যাচাই-বাছাই কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে মুক্তিযুদ্ধকালীন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে জেলা আপিল কমিটির সভাপতি মনোনীত করতে হবে। আর উপজেলা পর্যায়ে গঠিত প্রতিটি কমিটির সভাপতি, বিএলএফের একজন সদস্য এবং জেলা প্রশাসকের মনোনীত একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা জেলা কমিটির সদস্য হবেন। তবে সংশ্লিষ্ট এলাকার সাংসদেরা উপজেলা ও জেলা কমিটির উপদেষ্টা থাকবেন।মামলার বাদী সদর উপজেলা কমান্ডার এস এ বাকী বলেন, ‘যাচাই-বাছাই কমিটি গঠনে মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করা হয়নি। যুদ্ধ চলাকালে সাইফুর রহমান হিলু গ্রুপ কমান্ডার ছিলেন না। অথচ তাঁকে গ্রুপ কমান্ডার হিসেবে সদর উপজেলা যাচাই-বাছাই কমিটিভুক্ত করা হয়েছে। তাঁর বাড়ি লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামে। তিনি লোহাগড়া উপজেলা যাচাই-বাছাই কমিটিতেও আছেন। ২০০৯ সালের ২ ডিসেম্বর সদর উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা শারমিনা নাসরিন মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে সভাপতি এবং সমাজসেবা কর্মকর্তা মো. সাইদুর রহমানকে সদস্যসচিব করে সদর উপজেলা যাচাই-বাছাই কমিটি গঠন করেন। ১৫ দিনের মধ্যে যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করার কথা থাকলেও ওই কমিটি তা করতে ব্যর্থ হয়। এ ছাড়া নবনির্বাচিত উপজেলা কমান্ড কাউন্সিলের কর্মকর্তাদের যাচাই-বাছাই কমিটিতে সম্পৃক্ত করা হয়নি। মন্ত্রণালয় যাচাই-বাছাইয়ের আগে মাঠপর্যায়ে ব্যাপকভাবে প্রচার করার কথা বললেও স্থানীয় কমিটি সে নির্দেশ পালন করেনি। আদালত ওই কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও তারা যাচাই-বাছাইয়ের কাজ অব্যাহত রেখেছে।’ এ ব্যাপারে সদর উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, ‘সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মো. বাকি বিল্লাহর মামলার প্রেক্ষিতে আমরা আদালতে সময়ের আবেদন করলে আদালত আগামী ৩১ অক্টোবর শুনানীর দিন ধার্য করেছেন। তবে মন্ত্রণালয়ের বিধি মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। আর যাচাই-বাছাইয়ের কাজ অব্যাহত রয়েছে। দাবিদার মুক্তিযোদ্ধাদের আবেদন তালিকা না পাওয়ায় নির্ধারিত সময়ে যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।’ কমিটির সদস্যসচিব মো. সাইদুর রহমান বলেন, ‘আদালতের কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি চলছে। যেহেতু যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনায় আদালত নিষেধাজ্ঞা জারি করেনি সেজন্য যাচাই-বাছাইয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।’মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার শেখ আজিবর রহমান বলেন, ‘সাইফুর রহমান হিলু মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করেছেন। যাচাই-বাছাই কমিটির ব্যাপার নিয়ে আদালতে মামলা দায়ের করা ঠিক হয়নি। এতে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস মুর্শিদা প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এবং বিধি মোতাবেক সদর উপজেলায় যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি বাতিল কিংবা নবনির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে মন্ত্রণালয় থেকে এমন কোনো নির্দেশনা আসেনি।’২০০৪ সালের সরকারি গেজেট অনুযায়ী নড়াইল জেলায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল এক হাজার ৮৭৬ জন। মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতি লাভ ও এর সুফল ভোগ করতে এবার আবেদন করেছেন দুই হাজার ৯৬ জন।