নড়াইলে শেষ হলো সুলতান মেলা
রাষ্ট্রীয়ভাবে পালনের দাবির মধ্য দিয়ে গতকাল রোববার নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। শিল্পীর ৮৭তম জন্মবার্ষিকীতে নড়াইলকে আলোকসজ্জাসহ নানা রঙের ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার দিয়ে সাজানো হয়। জেলা প্রশাসন, সুলতান ফাউন্ডেশন ও স্থানীয় সুলতানপ্রেমীরা এই মেলাকে সফল ও সার্থক করে তুলতে দিন-রাত পরিশ্রমের পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করেন।এবার স্মরণকালের দর্শকশ্রোতার সমাগম ঘটেছিল মেলায়। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। মেলায় চিত্র প্রদর্শনী, মহিলা কাবাডি, চিত্রাঙ্কন, ষাঁড়ের লড়াই, ঘোড়ার গাড়ির দৌড়, হাডুডু, কুস্তি আর ভলিবল প্রতিযোগিতার পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।গতকাল সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম।