নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নড়াইল সদর উপজেলায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় অথৈ (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও চারজন। চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথৈ গোবরা প্রমিজ কেজি স্কুলে পড়ত। তার বাবার নাম বাশার মোল্লা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে সদর উপজেলার একটি সেতুর ওপর উঠতে গিয়ে গোবরা প্রমিজ কেজি স্কুলের একটি ভ্যানগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ওই ভ্যানগাড়িতে থাকা অথৈ ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ভ্যানচালক আবদুল জলিল ও তিনটি শিশু। আহতদের খুলনা মেডিকেল কলেজ ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসচালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির হোসেন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে গাড়ির চালক আনোয়ার হোসেন ও তাঁর সহকারী জাফরকে আটক করা হয়েছে।