নড়াইলের বিলে গ্যাস!
বর্ষাকালে বুদ্বুদ শব্দ, আর গ্রীষ্মকালে আগুন জ্বলছে নড়াইলের একটি বিলে। রাতের বেলায় এই আগুন জ্বলার দৃশ্য দূর থেকেও দেখা যায়। কৌতূহলী মানুষ সেখানে ভিড় করছে প্রতিনিয়ত।নড়াইল শহর থেকে ১২ কিলোমিটার উত্তরে সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ী বিলে খন্দকার শাহিদুর রহমানের ফসলি জমিতে এ দৃশ্য দেখা যায়। এ নিয়ে স্থানীয় লোকজন দুর্ঘটনার আতঙ্কে আছে।পাশের বিল ডুমুরতলা গ্রামের ফারুক হোসেন (৩৫), নয়াবাড়ীর আসাদ মোল্লা (৫০), বাগডাঙ্গার নূর মোহাম্মদ (৫২), আকলিমা খাতুনসহ (৩০) প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বছরের বেশি সময় ধরে ওই জমিতে বর্ষাকালে বুদ্বুদ শব্দ হয়। জমিতে কাজ করতে গিয়ে জমির মালিক শহিদসহ অনেকে ভয় পেয়ে কাজ না করে চলেও গেছেন। শুকনো মৌসুমে কান পাতলে শোঁ-শোঁ শব্দ হয়। ম্যাচের কাঠি দিলে আগুন জ্বলে।শাহিদুর রহমান (৪৪), আরমান শেখসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ দিন আগে দুপুর বেলায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং রাত পর্যন্ত জ্বলতে থাকে। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন সময় দিনে-রাতে আগুন জ্বলছে। নয়াবাড়ীর সেকেন্দার মোল্যা (৪৫) ও মুরাদ মোল্যা (২২) জানান, ১৯ মে তাঁরা কয়েকজন মিলে এ আগুনে মুরগি রান্না এবং ডিম সিদ্ধ করে খেয়েছেন। নালিয়া গ্রামের আবদুুল জলিল মোল্যা (৬২) বলেন, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় লোকজন ভীত।নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারগিস মুরশিদা বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি। মনে হচ্ছে, গ্যাস বের হচ্ছে। বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসক অবহিত আছেন।’