নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নে ২০০ একর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাহার ও আজগর বিলের প্রায় ২০০ একর জমি অনাবাদি থেকে যাচ্ছে। এতে বিলসংলগ্ন আটটি গ্রামের প্রায় ৩০০ পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৫ বছর আগেও খাল দিয়ে বিলের পানি নেমে চিত্রা নদীতে পড়েছে। কিন্তু অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি এবং বাড়িঘর করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা এ সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। সরেজমিন দেখা গেছে, জেলা শহর থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে ভদ্রবিলা ইউনিয়নে এ বিল দুটির অবস্থান। বিলের চার পাশে রয়েছে আটটি গ্রাম। গ্রামগুলো হলো ভবানীপুর, মহারাগ, ফুলস্বর, ঝিকরা, রায়খালী, কলাইগাছি, বল্লারটোপ এবং আউড়িয়া। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে বিলের বেশির ভাগ অংশই বন-জঙ্গলে ভরে রয়েছে।ভবানীপুর গ্রামের প্রবীণ কৃষক শেখ তিলাপ হোসেন বলেন, ‘দুটি বিলেই আমার চার একর জমি রয়েছে। আজগর বিলের পানি রায়খালী-বালিয়াডাঙ্গা গ্রামের খাল দিয়ে এবং বাহার বিলের পানি ভবানীপুর, আটেরহাট, রামসিধি ও বাগডাঙ্গা গ্রামের খাল দিয়ে চিত্রা নদীতে পড়ত। এখন এসব খাল ভরাট হয়ে যাওয়ায় বিলের পানি বের হতে পারে না। ফলে জলাবদ্ধতা এবং বন-জঙ্গলে ভরে থাকায় ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না।’ ছাদু শরীফ বলেন, ‘বাহার বিলে ১১০ একর এবং আজগর বিলে প্রায় ১৫০ একর জমি আছে। জলাবদ্ধতা এবং বন-জঙ্গলের কারণে প্রায় ২০০ একর জমি অনাবাদি থাকে। শুষ্ক মৌসুমে সামান্য পরিমাণ জমির আগাছা পরিষ্কার করে ফসল উৎপাদনের চেষ্টা করা হয়। কিন্তু বর্ষা শুরু হলে আবার তাই হয়ে যায়।’ফুলস্বর গ্রামের লুত্ফর রহমান জানান, দুটি বিলেই তাঁর জমি রয়েছে। ১৫ বছর আগেও তিনি এ জমি থেকে যে ফসল পেয়েছেন, তা দিয়ে সারা বছরের খাবার হয়েছে। বিলের পানি সরতে না পারায় অনাবাদি অবস্থায় পড়ে আছে। বিলের পানি নিষ্কাশনের ব্যাপারে নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা অনেক প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘২০০৬ সালে ইউনিয়নের উপনির্বাচনে জয়লাভের পর বিলের পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডে একটি প্রকল্প জমা দেওয়া হয়। কিন্তু সে প্রকল্প আলোর মুখ দেখেনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর উপজেলা চেয়ারম্যানসহ এমপি মহোদয়কে জানানো হবে।’