নড়াইলের সোনাকুর খেয়াঘাটে যাত্রীদের ওঠানামায় দুর্ভোগ
চিত্রা ও নবগঙ্গা নদীর সংযোগস্থলে স্থাপিত কালিয়া উপজেলার পিরোলী এবং খুলনার দীঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুর খেয়াঘাটে যাত্রীদের দুর্ভোগ চরমে। সরেজমিনে দেখা গেছে, চিত্রা ও নবগঙ্গা নদীর সংযোগস্থলের কাছে গড়ে উঠেছে পিরোলী বাজার। এ বাজার ঘিরে এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমাসহ একটি পুলিশ ফাঁড়িও স্থাপিত হয়েছে। এর পশ্চিম পাশে নড়াইল সদর উপজেলার চারটি ইউনিয়নের (পিরোলী, বিছালী, কলোড়া, সিঙ্গাশোলপুর) কয়েক হাজার মানুষ কালিয়া উপজেলার সঙ্গে প্রশাসনিকসহ বাণিজ্যিক যোগাযোগ করে থাকে। নদীর পূর্ব পাশের কালিয়া উপজেলার পৌরসভাসহ ছয়টি ইউনিয়ন এবং খুলনার দীঘলিয়া উপজেলার তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে যশোর, নওয়াপাড়া, ফুলতলা, ঝিনাইদহ, মাগুরাসহ বেনাপোল এলাকায় এ ঘাট দিয়ে যাতায়াত করতে হয়। সম্প্রতি পিরোলী ঘাটে একটি সিঁড়ি বাঁধাই ঘাট নির্মাণ করা হলেও নদীর ওপর পাড়ে সোনাকুর ঘাটে যাত্রী ওঠানামার কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া নদীর ভাটার সময় চরম দুর্ভোগে পড়তে হয় ব্যবসায়ীসহ যাত্রীসাধারণের। পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি মো. মফিজুর রহমান মোল্লা বলেন, ‘খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঘাট ইজারা বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে। গত অর্থবছরে ভ্যাটসহ মোট সাড়ে তিন লাখ টাকায় বন্দোবস্ত দেওয়া হয়। ওই অর্থ দীঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন এবং নড়াইল সদর উপজেলার পিরোলী ইউনিয়ন পরিষদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। পিরোলীর অংশের ঘাট পাকা করা হলেও সোনাকুর অংশের ঘাট পাকা না হওয়ায় ব্যবসায়ীদের মালামাল ওঠানামাসহ যাত্রীসাধারণের চরম ভোগান্তিতে পড়তে হয়।’ পিরোলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শফিউদ্দীন মোল্লা জানান, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে এক লাখ টাকা ব্যয় করে সম্প্রতি ঘাট পাকা করা হয়েছে। নদীর অপর পাড়ের ঘাট পাকা না হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।গাজীরহাট ইউপি চেয়ারম্যান আবদুর রউফ মোল্লা বলেন, ‘সোনাকুর খেয়াঘাট পাকা করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হবে। ইউনিয়ন পরিষদে খরচ করার মতো তেমন অর্থ নেই। খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে ঘাট ইজারার বন্দোবস্তের টাকা এপাড়ের ছয়টি ইউনিয়নের মধ্যে বণ্টন করা হয়। গত বছর মাত্র ১৭ হাজার টাকা পাওয়া গেছে। ফলে ওই টাকায় ঘাট পাকা করা সম্ভব নয়।’ দীঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মল্লিক মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘সোনাকুর খেয়াঘাটে যাত্রী ওঠানামার কোনো সুব্যবস্থা নেই, তা জানা ছিল না। প্রতিদিন এ ঘাট দিয়ে কয়েক হাজার মানুষ ওঠানামা করে এটা সত্য। তবে বিষয়টি খুলনা-৪ আসনের সাংসদকে জানানো হবে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হবে।’