নয় অঞ্চলের নয় কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ুশুরুটা হয়েছিল কুষ্টিয়া থেকে। গত ২৫ ফেব্রুয়ারি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে প্রথম আঞ্চলিক উৎসব। গলা ভাঙা থাকায় আকারে-ইঙ্গিতে বেশির ভাগ কথা বলছিলাম। অনুষ্ঠানের দিন অনেকেই মনে করেছেন, আমি বুঝি বাক্শক্তিহীন।দ্বিতীয় অঞ্চল ছিল নাটোর।৫ মার্চ দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজে আসর বসেছিল। কলেজ কর্তৃপক্ষের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে। নাটোরের এই উৎসবে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছিল ভাষা প্রতিযোগের প্রশ্ন নিয়ে।১০ মার্চ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ে বসে তৃতীয় উৎসব। আমরা আগের দিন রাত দুইটায় ঠাকুরগাঁওয়ে পৌঁছাই। তখন ভাবতেও পারিনি এই ঠাকুরগাঁও এবারের সেরা আয়োজক হবে। বরাবরই আমাদের দলে একজন গানের শিল্পী থাকেন। এই অঞ্চলে ছিলেন না। কিন্তু সেই অভাব বুঝতে দেয়নি বন্ধুসভার ছেলেমেয়েরা। দুর্দান্ত গান ও আবৃত্তির যৌথ পরিবেশনা ছিল তাদের।ঝালকাঠি ছিল আমাদের চতুর্থ অঞ্চল। ১৫ মার্চ ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ে জমজমাট আসর। এখানে আমরা দুজন ভাষাসৈনিককে সম্মান জানানোর সুযোগ পেয়েছি। এ বছর ছিল ভাষা আন্দোলনের ৬০তম বছর। এ কারণে প্রতিটি অঞ্চলে আমাদের নির্ধারিত আয়োজন ছিল ভাষাসংগ্রামের কাহিনি শোনা, ভাষাসৈনিকদের কথা শোনা।এরপর ২৩ মার্চ ঢাকার আয়োজন। স্থান রেসিডেনসিয়াল মডেল কলেজ। রাত দুইটা পর্যন্ত আমরা ভেন্যুতে ছিলাম। সেই রাতে বাংলাদেশ-পাকিস্তানের গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ ছিল। আমরা ফাঁকে ফাঁকে রেডিওতে খেলার ধারাবিবরণী শুনেছি। অনুষ্ঠানের দিন সবার মন ভেজা।কারণ, বাংলাদেশ হেরে গেছে আগের রাতে, অল্পের জন্য। কিন্তু প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই সবার মন আনন্দে উদ্বেল হলো।ওই দিন সন্ধ্যায়ই আমরা রওনা হলাম ময়মনসিংহে। ২৪ মার্চ—ময়মনসিংহ জিলা স্কুলে এবার সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীর ভিড়। সেখানে আবার ওই স্কুলের শিক্ষার্থীই সবচেয়ে বেশি। ফলে তাদের প্রবল উচ্ছ্বাস আর আলোড়ন আমরা গুরুবাক্য দিয়ে একটুও দমাতে পারিনি।চট্টগ্রামে পরবর্তী উৎসব। এনায়েত বাজার মহিলা কলেজের মঞ্চ দেখে আমরা অভিভূত হয়েছিলাম। সুবিধাবঞ্চিত মেয়েদের নাচ দেখে আমরা আরও বেশি মুগ্ধ হই। অষ্টম অঞ্চল সিলেট। ৪ এপ্রিল কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠান। পরীক্ষা শেষ হতে না-হতেই চারদিক অন্ধকার করে, ধুলার কুণ্ডলী পাকিয়ে ঝড় শুরু হলো। কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে আমরা অনুষ্ঠান করলাম।সবশেষে ৮ এপ্রিল খুলনা জিলা স্কুলে আঞ্চলিক উৎসব। এই দিন অনেক ছেলেমেয়েই ফুরফুরে মেজাজে ছিল—কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ বাইরে দৌড়াদৌড়ি করছে। আবার সময়মতো প্রশ্নোত্তর পর্বেও অংশ নিয়েছে।নয় অঞ্চল শেষে শুরু হয় জাতীয় উৎসব আয়োজনের পালা। উচ্চমাধ্যমিক পরীক্ষা ও আকস্মিক হরতালের কারণে তারিখ বদলাতে হয়েছে।ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২৬ মে যারা এসেছে, তারা কিন্তু দারুণভাবে জিতেছে। এত এত গুণীজনকে একসঙ্গে পাওয়া, তারপর শীতল অডিটোরিয়ামে বসে এত সুন্দর সুন্দর গান শোনা—সবই সম্ভব হয়েছে ওই দিন।জাতীয় উৎসবের দিন ভিকারুননিসার অধ্যক্ষের বিশেষ সভাকক্ষে বসে আমরা হালকা চা-নাশতা খেয়েছিলাম। স্যান্ডউইচে কামড় বসিয়েছি, তখন গত দুবারের সমন্বয়ক আমাকে জিজ্ঞেস করলেন, ‘কী বুঝলেন?’ আমি বললাম, ‘মাফ চাই।’ মনে মনে বললাম, ‘দোয়াও চাই।’ এ ধরনের আয়োজনের জন্য সবার সহযোগিতা দরকার হয়। সত্যিকার অর্থেই সবার সহযোগিতা পাওয়া গেছে—এইচএসবিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের, প্রথম আলো অফিসের, বন্ধুসভার, শিক্ষকদের, জেলা প্রতিনিধিদের এবং আরও অনেক অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের—যাঁদের বাইরে থেকে দেখা যায় না, যাঁরা কাজ করেন ভেতরে থেকে—শক্তির পেছনে রুধির ধারার মতো, মাটির গভীরের মমতা রসের মতো অলক্ষে।তারিক মনজুর: সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সমন্বয়ক, ভাষা প্রতিযোগ ২০১২।