উত্তরা গোপন বৈঠকে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত দেওয়ার কিছুদিন পরই আলোচিত ঘটনাটি আবার তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।সংস্থাপন মন্ত্রণালয়ের গৃহীত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই বৈঠকে উপস্থিত ১৩ জনের মধ্যে চারজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। বাকি নয়জন কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে এর মধ্যে চারজনকে ‘অশোভন ও অসমীচীন আচরণ’ থেকে বিরত থাকতে সতর্ক করে দেওয়া হয়। প্রসঙ্গত, ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৬ সালের ২৪ নভেম্বর উত্তরার আর্টিসান সিরামিক ভবনে অবসরপ্রাপ্ত ও চাকরিরত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এক গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন কৃষিসচিব আবদুল আজিজের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে গোপন বৈঠকে উপস্থিত ১৩ কর্মকর্তাকে চিহ্নিত করা হয়। কেলেঙ্কারির ঘটনায় প্রশাসনের চারজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তাঁরা হলেন, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীর, ঢাকার সাবেক ডিসি আ. বারী, মন্ত্রিপরিষদ বিভাগের তৎকালীন যুগ্ম সচিব আবদুস সবুর এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব আবদুল মতিন। যাঁদের সতর্ক করে দিয়ে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয় তাঁরা হলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক মজিবুর রহমান, সাভার উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা এ জে এম সালাহউদ্দিন নাগরী, স্থানীয় সরকার বিভাগের তৎকালীন উপসচিব জাকিরুল ইসলাম ও মানিকগঞ্জের সাবেক এডিসি জাকির হোসেন কামাল।সরাসরি অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ঘটনার সময় সাভারেই বদলি হয়ে সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন জ্যেষ্ঠ সহকারী সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রকৌশলী সোহেল মাহমুদ ইকবাল, অতিরিক্ত কর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও কাজী ইমদাদুল হক—এই পাঁচজনকে। সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের সরকারের ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রয়েছেন। জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিধি-বিধানের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। দায়ী ব্যক্তিরা শাস্তি পাবেন, নির্দোষ ব্যক্তিরা শাস্তির বাইরে থাকবেন—এটিই বর্তমান সরকারের সুশাসন।’ এদিকে এই প্রেক্ষাপটে গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরেকটি চিঠিতে পুরো ঘটনা আবার তদন্তের আদেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, একবার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলে আইনি জটিলতা তৈরি হবে এবং মামলা মোকদ্দমার সৃষ্টি হবে।