জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ক্ষেতলাল উপজেলার বটতলী সেতু থেকে জয়পুরহাট শহর পর্যন্ত নয় কিলোমিটারই বেহাল পড়ে আছে। খোয়া, পিচ, কার্পেটিং উঠে মহাসড়কটির অধিকাংশ স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় সময় বিকল হয়ে পড়ছে। ফলে জেলা শহর থেকে ছেড়ে আসা বগুড়া-ঢাকাগামী দূরপাল্লার বাসসহ ক্ষেতলাল ও কালাই উপজেলার অভ্যন্তরীণ সড়কের যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। হিলি স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকগুলো ঝুঁকিপূর্ণ অংশে এসে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ে। গত তিন মাসে এ সড়কে ছোট-বড় অর্ধশতাধিক দুর্ঘটনা ঘটেছে। মারা গেছে ১০ জন।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী সেতু থেকে জেলা শহর পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশ গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় মহাসড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটির বানিয়াপাড়া থেকে হিচমী পর্যন্ত কয়েকটি স্থান দেবে গিয়ে পিচ, খোয়া উঠে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় তা যান-চালকদের জন্য ‘দুর্ঘটনার ফাঁদ’-এ পরিণত হয়েছে।বগুড়া মোটরমালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী ফজলুর রহমান তালুকদার বলেন, ‘দীর্ঘদিন সড়কটি মেরামত না করায় পরিবহন ব্যবসা একেবারে লাটে উঠেছে।’কালাইয়ের ট্রাকচালক মিজানুর রহমান বলেন, ‘হিলি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে ওই খারাপ অংশে গত তিন মাসে তিন বার দুর্ঘটনায় পড়তে হয়েছে। আর ইঞ্জিন বিকল হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে অন্তত ১০ বার।’সড়ক ও জনপথ বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকোশলী মো. সুরুজ মিয়া বলেন, ‘জয়পুরহাটে অল্প দিন হলো যোগদানের পর জেনেছি, ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারে ইতিমধ্যেই দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংস্কারকাজ যাতে দ্রুত শুওু করা হয়, সে ব্যাপারে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করা হবে।’