নয় ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলীয় রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী চট্টলা এক্সপ্রেসের দুটি, মহানগর গোধূলী ও প্রভাতি এবং চট্টগ্রাম-সিলেট পথের পাহাড়িকা এক্সপ্রেসের দুটিসহ মোট ছয়টি ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়। যাত্রা বাতিলের কারণে বিপাকে পড়ে যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায়, গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় গতকাল রাত তিনটা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত নয় ঘণ্টা এই রেলপথে সব গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ ছিল। এর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-নোয়াখালী, নোয়াখালী-সিলেট পথ।এসব পথে চলাচলকারী ট্রেনগুলো কুমিল্লা, লাকসাম, আখাউড়া, ইমামবাড়িসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকে। সকাল আটটার দিকে আখাউড়া ও লাকসাম রেল জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর যাত্রা শুরু হয় আটকে পড়া ট্রেনগুলোর।দুর্ঘটনার বিষয়ে কসবা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল জব্বার প্রথম আলো ডটকমকে বলেন, ওই মালবাহী ট্রেনকে কসবা স্টেশনে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে না থেমে সামনে যাওয়ার পথে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণকক্ষ থেকে কসবা রেলস্টেশনে জানানো হয়, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলী, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস—এই ছয় ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়। কসবা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বিষয়টি নিশ্চিত করেন।রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার ভৌমিক প্রথম আলো ডটকমকে বলেন, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকতাকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।