নয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার নয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহগামী ৫৫ নং ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়লে আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রেনটি গাজীপুরের শ্রীপুরে লাইনচ্যুত হলে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, পাঁচটার দিকে গাজীপুরের সাতখামাইর ও কাওরাইদ রেলস্টেশনের মধ্যবর্তী সুতিয়া নদীর ওপর নির্মিত সেতু পার হওয়ার পর ভাওয়াল এক্সপ্রেসের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে দেড় কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে বালিয়াপাড়া এলাকায় গিয়ে স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ও ট্রেনে কর্তব্যরত পুলিশের সদস্য হাবিলদার নুরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এবং ট্রেনের ভেতর অতিরিক্ত ঝাঁকুনিতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়। ছিটকে পড়ে আহত যাত্রীদের অধিকাংশই জামালপুর ও ময়মনসিংহের দিনমজুর, রিকশাচালক ও হকার। আহত যাত্রীদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কাওরাইদ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, ট্রেনের ইঞ্জিন ভোর সাড়ে ছয়টার দিকে সরিয়ে নেওয়া হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ৫৫ নং ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করে সাতখামাইর রেলস্টেশনে রাখা হয়। দুর্ঘটনার পর ভোর পাঁচটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওই পথে কোনো ট্রেন চলাচল করেনি। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক খায়রুল আনাম জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জনকে ভর্তি রাখা হয়েছে। ১০ জনকে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।