নয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে অর্ধেকেরও কম যানবাহন বোঝাই করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারণে আজ ভোরে দৌলতদিয়া ঘাটের কাছে চ্যানেলে বেশ কয়েকটি ফেরি আটকে পড়ে। এ সময় পাটুরিয়া হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে দীর্ঘ সময় ধরে পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আজ বিকেল পৌনে চারটা থেকে অর্ধেকেরও কম যানবাহন বোঝাই করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, পদ্মা ও যমুনা নদীর পানি কমে যাওয়ায় ১৫ দিন ধরে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের কাছে সরু চ্যানেল দিয়ে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। চলাচল স্বাভাবিক রাখতে গত সোমবার থেকে চ্যানেল দুটিতে ড্রেজিং করে পানির গভীরতা বাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু গত শুক্রবার বিকেল থেকে পদ্মার পানি হঠাত্ করে কমতে থাকে। ফলে আজ ভোরে দৌলতদিয়া চ্যানেল দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্র জানায়, ভোর চারটার দিকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি কেরামত আলী পাটুরিয়ার উদ্দেশে দৌলতদিয়া ঘাট ছাড়ার কয়েক মিনিট পরই চ্যানেলের মুখে আটকে পড়ে। এর প্রায় দুই ঘণ্টা পর পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে একই স্থানে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে সংস্থার উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯৮ সকাল সাড়ে আটটার দিকে কেরামত আলীকে ঘাটে ফিরিয়ে আনে। আটকে পড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়। ফেরি দুটি ঘাটে নিয়ে যাওয়া হয়। এর পর পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া আরও বেশ কয়েকটি ফেরি দৌলতদিয়া চ্যানেলের মুখে পর্যায়ক্রমে আটকে পড়ে। এসব ফেরিতে আটকা পড়ে প্রায় ১০০ যানবাহন ও কয়েক শ যাত্রী।