নয় ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটা থেকে এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের দুই পাশে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে দুর্ভোগে পড়ে গাড়ির চালক ও যাত্রীরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে জানান, ভারী কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল রাত একটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ আগে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি কেরামত আলী ও ফেরি কাবেরী প্রায় ৩০টি যানবাহন নিয়ে মাঝনদীতে গিয়ে নোঙর করে। এ ছাড়া শাহ আলী ও কপোতী নামের দুটি ফেরি যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটে আটকে থাকে। এ সময় দক্ষিণাঞ্চল থেকে আসা রাজধানীগামী প্রায় ৫০০ যানবাহন ঘাটে আটকা পড়ে। আজ সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কমতে শুরু করলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, গতকাল রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এনায়েতপুরী, শাহ জালাল, ভাষা শহীদ বরকত ও শাহ পরান নামক পাঁচটি ফেরি পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এ ছাড়া কে-টাইপ ফেরি কুমারী ও কপোতী যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। কুয়াশা কেটে গেলে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।