বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নের নয় জওয়ানকে আজ রোববার বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।এর মধ্যে একজনকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, তিনজনকে ছয় বছর করে, একজনকে পাঁচ বছর, একজনকে তিন বছর ও তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালতে এ রায় ঘোষণা করেন বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সাজা পাওয়া জওয়ানেরা হলেন হাবিলদার মো. শামসুল হক, হাবিলদার মো. সোহরাব হোসেন, হাবিলদার মো. শিব্বির আহমেদ, সিপাহি মো. আবদুর রহমান, সিপাহি আবুল কালাম আজাদ, সিপাহি সাখাওয়াত হোসেন, সিপাহি মো. রাসেল কবির, সিপাহি মোহাম্মদ জহির উদ্দিন ও সিপাহি মো. সরওয়ার কামাল।বিডিআর সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটা ২০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন মেজর জেনারেল মইনুল ইসলাম। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মুস্তফা আল মামুন।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে সারা দেশে বিডিআরের বিভিন্ন সেক্টর সদর ও ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহের ঘটনায় একাধিক মামলা হয়। রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর।এদিকে একই আদালতে আগামী সোমবার জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।