নয় তলা থেকে পড়েও অক্ষত এক দিনের শিশুটি
নয় তলা থেকে পড়েও বিস্ময়করভাবে বেঁচে গেল সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র এক দিন বয়সী এক শিশু। শারজাহ’র আল মাজাজ এলাকায় মালিকের বাসা থেকে আবর্জনার বাক্সে ভরে বুধবার ভোর পাঁচটায় শিশুটিকে নিচে ছুঁড়ে দেয় তার ২৬ বছর বয়সী ফিলিপিনো মা। সৌভাগ্যক্রমে ওই বাসার এক নিরাপত্তাকর্মী আবর্জনায় ভরা বক্সটি থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর সেই নিরাপত্তাকর্মী পুলিশে খবর দেয়। তারপর পুলিশের সহায়তায় স্বাস্থ্যকর্মীরা জীবিত নবজাতককে স্থানীয় আল কাসিমি হাসপাতালে নিয়ে যায়। ফলে রক্ষা পায় নবজাতক। উদ্ধারের পর পরই আমিরাতের গোয়েন্দা কর্মকর্তা কোন স্থান থেকে শিশুটি পড়ে যায় সে ব্যাপারে অনুসন্ধান করেন। অনুসন্ধান শেষে তাকে নয় তলা থেকে ফেলা হয় বলে জানান তারা।গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই নয় তলা ভবনে যান। পুলিশের তথ্যমতে, আক্রান্ত শিশুর মা আরব আমিরাতে অবৈধভাবে থাকা একটি এশীয় পরিবারের সঙ্গে ছিল। তিন সদস্যের ওই পরিবারটি শিশুর মায়ের কাণ্ড দেখেছে বলে সন্দেহ করা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা নয় তলার বাসায় গিয়ে দেখতে পান নবজাতকের মায়ের শরীর থেকে রক্ত ঝরছে। এ দেখে তারা নিশ্চিত হন ভোর চারটায় নবজাতকের জন্ম হয়। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে ওই গৃহকর্মী বলেন, ভোর চারটায় তার প্রসব বেদনা শুরু হলে প্রসাধন কক্ষে গিয়ে সন্তান জন্ম দেন। সেসময় তার মালিকের পরিবারের সবাই ঘুমাচ্ছিল। প্রসবের পরপরই নিজ সন্তানকে একটি প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে আবর্জনার বক্সে ভরে নিচে ফেলে দেন তিনি।পুলিশ ওই গৃহকর্মীকে পালিয়ে থাকতে সহায়তা করার ফ্ল্যাটের মালিককে তলব করেছে। এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়েছে। খালিজ টাইমস।