রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে নয় দফা দাবি ঘোষণাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ায় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির।সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামী রাজশাহীতে আসার মাত্র এক দিন পর ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা পূর্বপরিকল্পিতভাবে ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা ও তাণ্ডব চালিয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যা করে তাঁর লাশ ম্যানহেলে ফেলে রাখে। আহত করে পুলিশ ও ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মীকে। এ ছাড়া তিনজন ছাত্রলীগের কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়াসহ ছাত্রলীগ-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ছাত্রশিবিরের সশস্ত্র হামলা ও তাণ্ডবের ঘটনার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণাসহ নয় দফা দাবি জানানো হয়।সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ছাত্রলীগের ঘোষিত নয় দফা দাবি হচ্ছে: অবিলম্বে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা, ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের খুনের সঙ্গে জড়িতসহ ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলাকারী ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ফারুক হোসেনের পরিবারকে সঠিকভাবে সহায়তা দেওয়া, আহত ও ক্ষতিগ্রস্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের সুচিকিত্সা নিশ্চিত করা ও তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, ছাত্রশিবিরের সব নেতা-কর্মী ও ক্যাডারদের বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের আবাসিকতা বাতিল করাসহ হামলার ঘটনার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতা-কর্মী ও ক্যাডারদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা, ছাত্রশিবিরের বহিরাগত ক্যাডার ও তাদের মদদ দানকারীদের ক্যাম্পাসে অনুপ্রবেশ বন্ধ করার ব্যবস্থা করা, বিভিন্ন সময়ে ও বিভিন্নভাবে ছাত্রশিবিরকে মদদ দানকারী, আশ্রয়-প্রশ্রয়দাতাসহ ছাত্রশিবিরকে আর্থিকভাবে সহায়তা প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা, ৮ ফেব্রুয়ারি রাতে দায়িত্ব পালনে অবহেলাকারী বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ করা এবং সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা।এসব দাবি অবিলম্বে পূরণ করা না হলে পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ হতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। আজকের সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ ছাত্রলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।