তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, ‘সুনেত্র গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে আমাদেরই জাতীয় একটি সংস্থা। অথচ তাদের এই সম্পদ তুলতে দেওয়া হচ্ছে না। জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করার জন্য বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে।’ঢাকা থেকে সুনেত্র অভিমুখে লংমার্চের শেষ দিন গতকাল সোমবার সুনামগঞ্জের ধরমপাশার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল মাঠে সমাবেশে কমিটির নেতারা এ কথা বলেন। নয় দফা ‘সুনেত্র ঘোষণা’র মধ্য দিয়ে চার দিনের এই লংমার্চ শেষ হয়েছে।গতকাল বেলা তিনটার দিকে কমিটির ধরমপাশা উপজেলা কমিটির আহ্বায়ক এ কে এম ওহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে লংমার্চ সমাবেশস্থলে এসে পৌঁছায়।সমাবেশে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘নিজেদের সম্পদ রক্ষায় এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে। আপনাদের দুর্গ দেখে নিজেদের সম্পদ রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়বে সারা দেশে। কোথাও কোনো গ্যাসক্ষেত্র বিদেশিদের হাতে তুলে দেওয়ার ঔদ্ধত্য দেখাবে না এ দেশের কোনো সরকার।’কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘সুনেত্র গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে, তা এ দেশের জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না। বিদেশি কোম্পানির সাধ্য নেই, জনগণের সম্পদ তারা কেড়ে নেয়।’সমাবেশের শেষ পর্যায়ে জাতীয় কমিটির সাত দফা অবিলম্বে বাস্তবায়নসহ নয় দফা ‘সুনেত্র ঘোষণা’ পাঠ করেন আনু মুহাম্মদ। এ সময় সমাবেশে উপস্থিত জনতা হাত তুলে নয় দফা ঘোষণার সঙ্গে ঐকমত্য পোষণ করে।সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন, অধ্যাপক নাসিম আক্তার হোসাইন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম, রুহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, কামরুল আহসান, বাসদের বজলুর রশীদ ফিরোজ, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোসরেফা মিশু, গণসংহতি আন্দোলনের আবদুস সালামসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।এর আগে গতকাল সকাল ১০টায় নেত্রকোনা সদরের দত্ত উচ্চবিদ্যালয় থেকে সুনেত্র অভিমুখে যাত্রা করে লংমার্চ। পথে নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জে দুটি পথসভা অনুষ্ঠিত হয়।মোহনগঞ্জের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক পথসভায় বক্তারা বলেন, ‘আমাদের জাতীয় সংস্থা বাপেক্সের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হলে খরচ কম হবে। এ অঞ্চলের মানুষ কম খরচে গ্যাস পাবে। সার কারখানা ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলা যাবে।’