নয় দিন পর ৩ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় সংস্কার শেষে নরসিংদীর ঘোড়াশালে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর ইউনিটে আজ বৃহস্পতিবার আবার উৎপাদন শুরু হয়েছে। বন্ধ হওয়ার নয় দিন পর আজ বৃহস্পতিবার ভোরে প্রকৌশলীরা এটি চালু করতে সক্ষম হয়। তবে গত ১৮ জুলাই টারবাইন জেনারেটরে আগুন লেগে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছয় নম্বর ইউনিট এবং আধুনিকায়নের জন্য তিন মাস আগ থেকে বন্ধ রাখা ৫৫ মেগাওয়াট ক্ষমতার এক নম্বর ইউনিট এখনো সচল করা সম্ভব হয়নি।৯৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির ছয়টি ইউনিটের মধ্যে এখন চারটি ইউনিট সচল রয়েছে।কেন্দ্রটির প্রকৌশল বিভাগ জানিয়েছে, বেশ কিছু দিন ধরে তিন নম্বর ইউনিট দিয়ে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছিল না। তা ছাড়া প্রায় সময় যান্ত্রিক সমস্যাও দেখা দিত। রমজান মাসে বিদ্যুতের বাড়তি চাহিদাকে সামনে রেখেই সংস্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইউনিটটি চালু হওয়ার পর এখন এ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়েক দিনের মধ্যে তা পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকৌশলী জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া ছয় নম্বর ইউনিটটি সহসা চালু হচ্ছে না। কারণ, বন্ধ হওয়ার পর প্রায় এক মাস কেটে গেলেও এখন পর্যন্ত সমস্যা চিহ্নিত করার কাজ শুরু হয়নি। এ কারণে এই ইউনিট দ্রুত চালু হওয়ার ক্ষেত্রে অনিশ্চতা দেখা দিয়েছে।