নয় বছর ধরে এ দশা
রংপুরের তারাগঞ্জ উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে সেখানে হাঁটু সমান পানি জমে। এতে করে বিদ্যালয়ের শিশুদের অ্যাসেম্বলি ও খেলাধুলা বন্ধ রয়েছে। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। শিক্ষকদের সূত্রে জানা যায়, নয় বছর ধরে বিদ্যালয়টির এই দুর্দশা। অনেক আবেদন-নিবেদনের পরও ১৯৪১ সালে স্থাপিত প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্দশা ঘোচাতে কেউ এগিয়ে আসেনি। ফলে বাধ্য হয়ে শিশুদের খেলাধুলা ও অ্যাসেম্বলি বন্ধ রাখতে হয়েছে। তা ছাড়া বেঞ্চের সংকটের কারণে এক বেঞ্চে পাঁচ-ছয়জনকে ঠাসাঠাসি করে বসতে হয়। পুরোনো ভবনটির তিনটি কক্ষের দরজা-জানালা ভেঙে পড়েছে। হাঁটু সমান পানি দিয়ে শিশুরা অনেক কষ্টে শ্রেণীকক্ষে যাতায়াত করছে।চতুর্থ শ্রেণীর ছাত্র মিন্টু, গৌতম ও খয়বার জানায়, হাঁটু পরিমাণ পানি পেরিয়ে যাতায়াতের সময় অনেকে পানিতে পড়ে যায়। এতে বইখাতা, জামা-কাপড় ভিজে যায়। সেদিন ওই ছাত্রকে ক্লাস না করেই বাড়ি ফিরতে হয়। তৃতীয় শ্রেণীর ছাত্র মকবুল হোসেন বলেন, ‘স্যার ভালকরি লেখি দেন, স্কুলের মাটত মাটি ভরাট করি চাই। কাদাপানির জন্য খেলতি পারি না।’ঘনিরামপুর গ্রামের কৃষক আকমল হোসেন বলেন, ‘সরকার কত কাজ করে। খালি স্কুলের মাটকোনাতে মাটি দিবার না পারে। মাটি ভরাটের অভাবে আর কদ্দিন শিশুরা কষ্ট করবি।’প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা জানান, বিদ্যালয়ের মাঠের এই দশায় শিশুদের খেলাধুলা ও লেখাপড়ার ক্ষতি হচ্ছে। নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু ফল হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বিষয়টি এবার সমন্বয় কমিটিতে তোলা হবে। উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে হাঁটু সমান পানি জমে। শিশুরাও অনেক কষ্টে ক্লাসরুমে যাতায়াত করে। এই চিত্র কয়েক দিন আগে আমি নিজে দেখে এসে সমস্যাটি সমাধানের সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি।