নয় বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল হতে যাচ্ছে। আগামী মাসে কাউন্সিল শুরু হবে। এরই মধ্যে শুরু হয়েছে পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ।সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সাড়ে তিন বছরে সাংগঠনিক কাজে দেখা যায়নি, এমন অনেককেই নেতা হওয়ার আশায় এখন গণভবন ও দলীয় কার্যালয়ে ভিড় করতে দেখা যাচ্ছে।আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলটির সহযোগী সংগঠন সাতটি। সেগুলো হলো: মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ ও যুব মহিলা লীগ। এসব সংগঠনের তিন বছর মেয়াদি কমিটি এরই মধ্যে নয় বছর পার করে ফেলেছে।দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল শেষ করার ব্যাপারে সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে চারটি সংগঠন—স্বেচ্ছাসেবক লীগ ১১ জুলাই, যুবলীগ ১৪ জুলাই, কৃষক লীগ ১৯ জুলাই ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ ১৭ জুলাই কাউন্সিল করার ঘোষণা দিয়েছে। বাকি তিনটি সংগঠনের কাউন্সিল হবে আগস্টের পরে। শোকের মাস আগস্টে কোনো কাউন্সিল করা হবে না।সহযোগী সংগঠনগুলোর কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় সংগঠনগুলোতে নেতৃত্বের সংকট প্রকট হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির পাশাপাশি নেতৃত্বের সংকট কাটাতে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংগঠনের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। কেউ কেউ সরকারি দায়িত্ব পেয়েছেন, আবার অনেকের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ডে না থেকে টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ব্যস্ত থাকার অভিযোগ আছে।যুবলীগ: যুবলীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ২৫ জানুয়ারি। যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে স্থান পেয়েছেন। মির্জা আজম আর যুবলীগ করতে আগ্রহী নন বলে তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, ওমর ফারুক চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস যুবলীগের চেয়ারম্যান পদের জন্য আগ্রহী। সাধারণ সম্পাদক পদের জন্য চেষ্টা করছেন ফারুক হোসেন, আতাউর রহমান, মামুনুর রশীদ, মাহবুবুল আলম। তবে সংগঠনের বাইরে থেকেও নেতৃত্ব দেওয়া হতে পারে।দলের একটি সূত্র জানায়, সহযোগী সংগঠনের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে সংগঠনগুলো সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের প্রথা হচ্ছে, কাউন্সিলরগণ সর্বসম্মতভাবে নেতা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায়িত্ব অর্পণ করবেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা-ই মেনে নেব।’মহিলা লীগ: মহিলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ১২ জুলাই। মহিলা লীগের দৃশ্যমান কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। সংগঠনের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছেন। সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। আর যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে ইন্দিরা ও লাইলি আর মহিলা লীগের সাংগঠনিক দায়িত্বে নেই।আশরাফুন্নেছা মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘আমি কাউন্সিল করে নতুনদের কাছে দায়িত্ব দিতে প্রস্তুত। সবকিছু প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনি সময় দিলেই কাউন্সিল করে ফেলব।’এ সংগঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একেবারে নতুন মুখ আসতে পারে বলে জানা গেছে।যুব মহিলা লীগ: গত সাড়ে তিন বছর যুব মহিলা লীগের সাংগঠনিক তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। সংগঠনের নেতা-কর্মীদের একটা অংশ ‘তদবির বাণিজ্য’ নিয়ে থাকে বলে অভিযোগ আছে। সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে তাঁদের প্রায় দেখা যায়।যুব মহিলা লীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৪ সালের ১৫ মার্চ। এ সংগঠনের সভানেত্রী নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছেন। এখন পর্যন্ত যুব মহিলা লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়নি।কৃষক লীগ: কৃষক লীগের সভাপতি মির্জা এম এ জলিল প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, সহসভাপতি হারুন অর রশীদ হাওলাদার ও কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান বাদশা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দিবসভিত্তিক দু-একটি কর্মসূচি ছাড়া কৃষক লীগের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই।কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ২৯ জুলাই। নয় বছর হলো কমিটির মেয়াদ পার হয়েছে। আগামী ১৯ জুলাই কৃষক লীগের কাউন্সিল। সভাপতি পদে শওকত মোমেন শাহজাহান, মোতাহার হোসেন, বদিউজ্জামান, এম এ ওয়াদুদের নাম আলোচনায় আছে। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সমীর চন্দ ও আশরাফুল হক সক্রিয় আছেন।স্বেচ্ছাসেবক লীগ: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন। ২০০৩ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ কাউন্সিল হয়। আগামী ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল হবে। এ সংগঠনে প্রকাশ্যে কেউ কোনো পদে প্রার্থিতার কথা বলছেন না। সংগঠনের কমিটি গঠনে সাবেক সভাপতি বাহাউদ্দিন নাছিমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। আওয়ামী আইনজীবী পরিষদ ও তাঁতী লীগ: আওয়ামী লীগের গঠনতন্ত্রে আওয়ামী আইনজীবী পরিষদ ও তাঁতী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হলেও কার্যত এ দুই সংগঠনের তেমন কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই। ২০০০ সালের ১১ মার্চ আওয়ামী আইনজীবী পরিষদ ও ২০০৪ সালের ৮ আগস্ট তাঁতী লীগের কাউন্সিল হয়।