আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে হবে রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স। উপকৃত হবে এ অঞ্চলের মেয়েরা। এমনই একটা স্বপ্ন নিয়ে ২০০১ সালে উদ্বোধন করা হয়েছিল এই ক্রীড়া কমপ্লেক্সের। কিন্তু নয় বছরেও এটি পরিপূর্ণ একটি ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে ওঠেনি।আর এই না হওয়ার ‘যন্ত্রণা’ ভোগ করতে হচ্ছে খেলাধুলার প্রতি আগ্রহী রাজশাহীর মেয়েদের। বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় স্থানীয় মহিলা ক্রীড়াবিদদের ফিটনেস ধরে রাখা এবং অনুশীলনের কাজটা করতে হয় মহানগরের বিভিন্ন উন্মুক্ত মাঠে। এতে অনেক সময় ইভ টিজিংয়ের শিকার হতে হয় তাঁদের। যেমনটা বলছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় মিনা খাতুন, ‘রাজশাহী কলেজের উন্মুক্ত মাঠে অনুশীলন করার সময় অনেক সময় কু-উক্তি শুনতে হয় আমাদের। রাজশাহীর ক্রীড়া কমপ্লেক্সে সব সুযোগ-সুবিধা থাকলে আমাদের আর কু-উক্তি শুনতে হতো না।’উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে উত্তরবঙ্গের ক্রীড়ানুরাগী মেয়েদের গড়ে তোলার জন্য ১৯৮২ সালে নগরের তেরখাদায় ইটভাটাসহ নয় একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স করার জন্য তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী রওশন এরশাদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর সীমানাঘেরা অধিগ্রহণকৃত জমির মধ্যে ১৯৯৮ সালের ২৩ ফেব্রুয়ারি জিমনেসিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের। এই জিমনেসিয়াম ভবন ছাড়া আর অন্য কোনো ভবন নির্মাণ করা হয়নি। জিমনেসিয়াম ভবন উপলক্ষ করেই ২০০১ সালের ২১ এপ্রিল সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেন। অথচ এই কমপ্লেক্সে থাকার কথা ছিল সুইমিংপুল, হ্যান্ডবল কোর্ট, ভলিবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, কাবাডি কোর্ট, অ্যাথলেটিকস ট্র্যাক ও খেলোয়াড়দের আবাসিক হোস্টেল কাম প্রশাসনিক ভবন। কিন্তু সেসব কিছুই হয়নি। মাঠ পরিচর্যার জন্য বড় রোলার ও ঘাস কাটার মেশিনও নেই। তবে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেসিয়াম ভবন ও মাঠ পরিচর্যা করে ছেলেদের অনুশীলন ও প্রশিক্ষণের আয়োজন করে চলছে রাজশাহী ক্রিকেট একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থা। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক বদর উদ্দিন আহমেদ বলেন, ‘মেয়েদের জন্য তেমন সরঞ্জামসহ অন্য সুযোগ-সুবিধা না থাকায় কমপ্লেক্সের জিমনেসিয়াম ভবন ও মাঠ ফাঁকা পড়ে থাকে। এতে করে এই দুই প্রতিষ্ঠান তাদের ছেলেদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করে।’ তবে একদিন এই ক্রীড়া কমপ্লেক্স পূর্ণতা লাভ করবে বলে আশা করেন তিনি, ‘২০১১-২০১২ অর্থবছরে কমপ্লেক্সের বাকি কাজ অনুমোদন পেলে আগামী বছর কাজ শুরু হতে পারে। ঢাকা থেকে আসা প্রকৌশলীরা পরিদর্শন করে প্রকল্প তৈরি করেছেন।’ তবে ‘হবে, হতে পারে’-তে বিশ্বাস হারিয়ে ফেলেছেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বেলী, ‘আমাদের মেয়েরা উন্নত প্রশিক্ষণের অভাবে তাদের প্রতিভা বিকশিত করতে পারছে না। দ্রুতই এটিকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সে রূপ দেওয়া হোক। আমরা আর প্রতিশ্রুতির মধ্যে থাকতে চাই না।’কথাটা রাজশাহীর ক্রীড়াপ্রেমী সব মানুষেরও। দুলাল আবদুল্লাহ, রাজশাহী