নয় বছরে সাতবার পরিবহন ভাড়া বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নয় বছরে পরিবহন ভাড়া বেড়েছে সাতবার। বর্তমান সরকারের আমলেই ভাড়া বেড়েছে তিনবার। এ পর্যন্ত জ্বালানির দাম কমার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একবার এবং বর্তমান সরকারের আমলে একবার করে পরিবহন ভাড়া কমেছে।২০০৮ সাল থেকে সরকার সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও চারবার বৃদ্ধি করে। সিএনজির মূল্যবৃদ্ধির সঙ্গে এই গ্যাসচালিত পরিবহনের ভাড়াও বৃদ্ধি পায়। তবে বাসমালিকেরা ভাড়া বাড়ানো বা কমানো—কোনোটাই মানেননি। প্রতিবারই ভাড়া বৃদ্ধির আগে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নিয়েছেন। ফলে সরকার ভাড়া বৃদ্ধি করে যে হার নির্ধারণ করেছিল, আগে থেকেই এর চেয়ে বেশি আদায় করেন বাসমালিকেরা। অন্যদিকে, ভাড়া কমানোর সিদ্ধান্ত না মেনে মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করেছেন।ভাড়া বৃদ্ধি: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে পাওয়া তথ্যে জানা গেছে, জ্বালানির দাম বাড়ার কারণে চলতি বছরের মে ও সেপ্টেম্বরে ভাড়া বাড়ায় সরকার। চলতি বছর বাদে বর্তমান সরকারের আমলে আরেকবার ভাড়া বাড়ানো হয়েছিল ২০০৯ সালের আগস্টে।এর আগে ভাড়া বেড়েছিল ২০০৩, ২০০৫, ২০০৭ ও ২০০৮ সালে। তবে ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ২০০৩ সালের মার্চ পর্যন্ত প্রায় ১৩ বছর পরিবহন ভাড়া বৃদ্ধি পায়নি। বিআরটিএ সূত্র জানায়, এই ১৩ বছরে বেশ কয়েকবার জ্বালানির দাম বেড়েছিল, কিন্তু বাসমালিকেরা ভাড়া বৃদ্ধির জন্য এতটা চাপ প্রয়োগ করেননি। ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে কয়েক মাসের ব্যবধানে দুবার জ্বালানির দাম বেড়েছিল; কিন্তু ভাড়া বৃদ্ধি পায়নি। তৃতীয়বার জ্বালানির দাম বৃদ্ধি পেলে ভাড়া বাড়ে।১৯৯০ সালে বড় বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ৩২ পয়সা এবং মিনিবাসের ৩৫ পয়সা।বর্তমানে ঢাকায় বড় বাসে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৫৫ পয়সা এবং মিনিবাসে এক টাকা ৪৫ পয়সা। দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ভাড়া এক টাকা ২০ পয়সা।রাজধানীতে আগে থেকে বাড়তি আদায়: ১০ নভেম্বর সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। সরকার পরিবহন ভাড়া বৃদ্ধি না করলেও বাস মালিকেরা চাপ দিচ্ছে শিগগির ভাড়া বাড়ানোর। রাজধানীতে ৮৫ থেকে ৯০ শতাংশ বাস সিএনজিতে চলেও এখানেও ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন বাসমালিকেরা। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বেশির ভাগ বাসে ভাড়া না বাড়লেও আগে থেকে যে পরিমাণ ভাড়া আদায় করা হচ্ছে, তা-ও সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে বেশি।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, জ্বালানির দাম বাড়লে ভাড়া নিয়ে কিছু সমস্যা হয়। এটা মোকাবিলা করার জন্য তাঁরা দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বাড়ানো হবে।