জনপ্রশাসনে গত নয় বছরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার অন স্পেশাল ডিউটি—ওএসডি) ছিলেন তিন হাজার ৬০৫ জন। ওই সময় তাঁদের পেছনে সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ৯১ লাখ ৫৮ হাজার সাত টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হাইকোর্টে দাখিল করা দুটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।গত বছরের ৪ জুন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১০ বছরে জনপ্রশাসনে ওএসডি করা কর্মকর্তাদের তালিকা দাখিল করার নির্দেশ দেন। কতজন কর্মকর্তা কত দিনের জন্য ওএসডি ছিলেন বা আছেন, তাঁদের পেছনে বেতনসহ কত টাকা ব্যয় হয়েছে, সেই তালিকাও দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই দফায় নয় বছরের তালিকা দাখিল করা হয়। ২০০৩ সালের তালিকা এখনো দাখিল করা হয়নি।গতকাল রোববার দাখিল করা হয়েছে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ওএসডির তালিকা। এই তালিকা অনুযায়ী ওই সময়ে ওএসডি কর্মকর্তার সংখ্যা ছিল এক হাজার ৬১৬ জন। এর মধ্যে ছিলেন ১৯ জন সচিব, ৮৮ জন অতিরিক্ত সচিব, ২৮০ জন যুগ্ম সচিব, ৮৭৮ জন উপসচিব, ২৪৪ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ১০৭ জন সহকারী সচিব। ওই সময় তাঁদের পেছনে সরকারের ব্যয় হয়েছে ৪৭ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ৪৭০ টাকা।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৯ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।বিষয়টি সম্পর্কে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, হাইকোর্ট গত ১০ বছরে ওএসডি কর্মকর্তার তালিকা দাখিল করতে নির্দেশ দেন। সে অনুযায়ী গত জানুয়ারিতে পাঁচ বছরের (২০০৮-২০১২ সাল) তালিকা দাখিল করা হয়। আজ (রোববার) চার বছরের তালিকা দাখিল করা হয়েছে। আদালত ২৯ মে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।রিট আবেদনকারী সাবেক সচিব এম আসাফউদ্দৌলাহর আইনজীবী অনীক আর হক প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত নয় বছরে ওএসডি কর্মকর্তার পেছনে ১৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। বিনিময়ে জনগণ কিছুই পায়নি।গত জানুয়ারিতে দাখিল করা প্রতিবেদন অনুযায়ী ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওএসডি ছিলেন এক হাজার ৯৮৯ জন কর্মকর্তা। এর মধ্যে ১৩ জন সচিব, ১৬৬ জন অতিরিক্ত সচিব, ৪৯০ জন যুগ্ম সচিব, ৭৯০ জন উপসচিব, ৪৬০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ৭০ জন সহকারী সচিব। এই সময়ে তাঁদের পেছনে সরকারের ব্যয় হয়েছে ১০৩ কোটি ২৫ লাখ ৬৪ হাজার ৫৩৭ টাকা।