নয় বছরের কম বয়সী শিশুকে আদালতে তোলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের নিচের বয়সী কোনো শিশুকে আদালতে বিচারের জন্য সোপর্দ করা যাবে না। শিশুদের জন্য শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে।এ ছাড়া আগের আইনের ১৬ বছরের নিচের যেকোনো ব্যক্তির পরিবর্তে ১৮ বছরের নিচের যেকোনো ব্যক্তিকে শিশু হিসেবে সংজ্ঞায়িত করা হবে।এসব বিধানসংবলিত শিশু আইন, ২০১০-এর খসড়া আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হচ্ছে। ১৯৭৪ সালের শিশু আইন যুগোপযোগী করে শিশু অধিকার সনদের সঙ্গে সংগতি রেখে নতুন আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। খসড়ায় অন্যান্য বিষয়ের মধ্যে বিশেষ করে আইনের সংস্পর্শে আসা এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের জন্য প্রয়োজনীয় বিধানের উল্লেখ করা হয়েছে। নয় বছরের নিচের বয়সী শিশুকে আদালতে সোপর্দ না করার পাশাপাশি এতে ১২ বছরের কম বয়সী শিশুকে গ্রেপ্তার করার সময় হাতকড়া না পরানো বা বল প্রয়োগ না করার বিধান রাখা হয়েছে। খসড়ায় শিশুদের বিশেষ সুরক্ষা দেওয়া, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন—এমন শিশুদের নির্দিষ্ট করার কথা বলা হয়েছে।বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি সংস্থার পরামর্শ ও ওয়েবসাইটে জমা পড়া মতামতের আলোকে তৈরি নতুন এ আইনের খসড়ায় আগের আইনে ৯৫টি নতুন ধারা যুক্ত করা হয়েছে। জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ গতকাল প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালের শিশু আইন জাতিসংঘ শিশু অধিকার সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিশুর ভিন্ন ভিন্ন অবস্থান ও প্রয়োজন বিবেচনায় এনে আন্তর্জাতিক মানবাধিকার সনদের আলোকে যুগোপযোগী ও সংহত করার জন্য শিশু আইন, ১৯৭৪ নতুনভাবে প্রণয়ন করা হচ্ছে। এই আইন বাস্তবায়িত হলে শিশু তার পূর্ণ অধিকার পাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।নতুন আইনে আর যা আছে: প্রস্তাবিত শিশু আইনে প্রবেশন কর্মকর্তার অবর্তমানে জেলা, উপজেলা বা পৌর এলাকায় কর্মরত সমাজসেবা কর্মকর্তা বা সমমানের কর্মকর্তাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এবং তাঁদের অবর্তমানে জেলা বা উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সুপারিশে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বা সিটি করপোরেশন বা পৌর এলাকার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরকে সরকার ক্ষেত্রমতে কমিউনিটি প্রবেশন কর্মকর্তা হিসেবে নিযুক্ত করতে পারবে। নতুন আইনে শিশুকল্যাণ বোর্ডের কাঠামো এবং এর দায়িত্ব, ক্ষমতা ও কার্যাবলি যুক্ত করা হয়েছে। এতে শিশুদের জন্য প্রত্যয়িত প্রতিষ্ঠানের ধরন নির্দিষ্ট করা এবং পরিচর্যার ন্যূনতম মানদণ্ড নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রেক্ষাপট: উচ্চ আদালতের এক আদেশে শিশুদের সুরক্ষার জন্য ১৯৭৪ সালের শিশু আইন নতুনভাবে প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়। এ আইনকে যুগোপযোগী করতে একটি কমিটি গঠন করেছিল মন্ত্রণালয়। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর এবং সেভ দ্য চিলড্রেন, ইউকের যৌথ কর্মশালায় শিশু আইন, ১৯৭৪ ও শিশু বিধি, ১৯৭৬ সংশোধন করার সুপারিশ করা হয়। এ ছাড়া ইউনিসেফের সহায়তায় আটটি সভা করে শিশু আইন, ১৯৭৪-এর একটি খসড়া সংশোধনীও প্রস্তুত করা হয়। শিশু অধিকার সনদ ও অন্যান্য আন্তর্জাতিক দলিলের সঙ্গে মিল রেখে এ খসড়াটি সংশোধন করা হয়। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রস্তাবিত শিশু আইনের খসড়া চূড়ান্ত করা হয়। গত ৮ ডিসেম্বর খসড়াটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য পাঠানো হয়।