নয় মাসে ১০৬ মামলায় সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারের ‘বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রকল্প’ সাতটি জেলায় ‘কানাডিয়ান বার অ্যাসোসিয়েশন’-এর কারিগরি সহায়তায় কাজ করছে। জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রকল্পের একটি পরীক্ষামূলক জেলা। এই জেলায় প্রকল্পের কাজ শুরু হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে। কাজ শুরুর পর থেকেই আইনি সহায়তা কার্যক্রমে দরিদ্র ব্যক্তিরা সরাসরি এসে তাঁদের অভিযোগ জানাতে পারছেন। কিন্তু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সহায়তা প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এখানে প্রতিনিয়ত নতুন মামলায় সহায়তা দেওয়া হচ্ছে। আদালতও প্রয়োজনে দরিদ্র বিচারপ্রার্থীদের আইনি সহায়তা অফিসে বিচারপ্রার্থীদের আসার পরামর্শ দিচ্ছেন। কারাগার থেকে আবেদন সাপেক্ষে প্যানেল আইনজীবী নিয়োগ হচ্ছে। দরিদ্র মানুষের জন্য আইনগত সহায়তা পাওয়ার পদ্ধতি সহজ করতে জাতীয় সংস্থার নির্দেশনা অনুসারে জেলা কমিটি কিছু পরীক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছে। আইনগত সহায়তা প্রদান নীতিমালা ও প্যানেল আইনজীবীদের জন্য অনুসরণীয় নীতিমালা প্রণয়ন করে তা অনুসরণ করা হচ্ছে। আগে আইনগত সহায়তাপ্রার্থী জানতে পারতেন না তাঁর আইনজীবী কে, আইনজীবী অনেক ক্ষেত্রে বুঝতে পারতেন না তাঁর মক্কেলের প্রকৃত অবস্থা। কিন্তু বর্তমানে যদিও সেটা নেই, তবে সমন্বয়হীনতা রয়েছে আইনজীবীদের মধ্যে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১০-এর মে পর্যন্ত মোট মামলায় সহায়তা দেওয়া হয়েছে ১০৬টি। এর মধ্যে ফৌজদারি মামলা ৯৪টি, দেওয়ানি পাঁচ ও পারিপারিক আদালতে সাতটি। আগে সাধারণত আইনগত সহায়তা পাওয়ার জন্য আবেদন মাসিক সভায় বিবেচনা করা হতো এবং সভার মাধ্যমে আইনজীবী নিয়োগ দেওয়া হতো। ফলে সহায়তাপ্রার্থীর আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় হতো। তাই জেলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দুই সভার মধ্যবর্তী সময়ে আইনজীবী নিয়োগের প্রয়োজন হলে আইনি সহায়তা কার্যক্রমের সহায়ক কর্মকর্তা অনুমোদিত প্যানেল থেকে যেকোনো আইনজীবীকে সাময়িকভাবে নিয়োগ করবেন, যা পরবর্তী সভায় অনুমোদন সাপেক্ষে ভূতাপেক্ষ কার্যকরতা দেওয়া যাবে। প্রকল্প অফিসে দুজন কর্মকর্তা নিয়োগের কথা থাকলেও নিয়োগ দেওয়া হয়নি। অনেক প্রার্থীকে দূর-দূরান্ত থেকে এসে ফিরে যেতে হয়। বার সমিতি যদি এ কর্মসূচির প্রতি আরও আন্তরিক হয়, তবে অসহায় ও দরিদ্র মানুষ বিনা মূল্যে আইনগত সহায়তা কর্মসূচির সুফল পাবে বলে মনে করেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।