নয় মাসেও অনুমোদন পায়নি ধরমপাশা উপজেলা ছাত্রলীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৮ বছর পর জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠিত হওয়ার নয় মাস পেরিয়ে গেলেও তা অনুমোদন পায়নি। ফলে সাংগঠনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুস সামাদ আজাদ ও বর্তমান সাংসদ সুরঞ্জিত সেন গুপ্তের মধ্যে অন্তর্দ্বন্দের কারণে ১৯৯১ সালের ২১ ডিসেম্বরের পর উপজেলা ছাত্রলীগের আর কোনো সম্মেলন হয়নি। ওই সম্মেলনের আট বছর পর ১৯৯১ সালের ১০ জানুয়ারি স্থানীয় উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এক সভায় জুবায়ের পাশা হিমুকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এত দিন ওই কমিটিই কার্যক্রম চালিয়ে আসছিল। পরবর্তী সময় প্রায় ১৮ বছর পর চলতি বছরের ২ জানুয়ারি স্থানীয় জনতা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে মোজাম্মেল হোসেনকে সভাপতি ও মুন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি গঠিত হয়। তবে ওই সম্মেলনে জেলা ছাত্রলীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না। বর্তমানে অনুমোদনবিহীন এ কমিটি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শামীম আহম্মেদ বলেন, কমিটি অনুমোদ না পাওয়ায় সংগঠনের কাজকর্মে অচলাবস্থা দেখা দিয়েছে। সংগঠনটির ভিত্তি এখন অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। নেতা-কর্মীদের ডাকলেও আগের মতো সাড়া মেলে না। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন তালুকদার বলেন, এ উপজেলায় ছাত্রলীগের কার্যক্রম চলছে অনেকটা অগোছালোভাবে। কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কমে গেছে। সংগঠনকে গতিশীল করতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রলীগের একাধিক নেতা জানান, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই। তিনি অতীতে কখনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। সংগঠনের জরুরি প্রয়োজনে তাঁকে কাছে পাওয়া যায় না। তিনি নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়ার প্রয়োজনবোধ করেন না। তিনি অধিকাংশ সময়ই ব্যবসায়িক প্রয়োজনে এলাকার বাইরে অবস্থান করেন। কালেভদ্রে এলাকায় এলেও নিজের কাজ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ধরমপাশা উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি অনুমোদন না দেওয়া প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক এ উপজেলায় ছাত্রলীগের কোনো সম্মেলন হয়নি। সংগঠনের কিছু নেতা-কর্মীকে একত্রিত করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেই তাকে সম্মেলন বলা যায় না। তাই ওই কমিটি অনুমোদন দেওয়ার প্রশ্নই আসে না।