চার বছর আগেই তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের কাছে চার শতাধিক কারখানার একটা তালিকা দিয়েছিল। এগুলো বিজিএমইএর সদস্য নয়। ফলে এসব কারখানায় শ্রমিকের বেতন ন্যূনতম মজুরি বোর্ড অনুযায়ী হচ্ছে কি না, তার দায়িত্ব তাদের নয়।ওই তালিকাতেই নাম ছিল মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টস লিমিটেডের। গত শনিবারের অগ্নিকাণ্ডে এখানে মারা যান সাত শ্রমিক। তবে এতে মোটেই দায় এড়াতে পারছে না বিজিএমইএ। কারণ, স্মার্ট এক্সপোর্ট নিজে পোশাক রপ্তানি করে না, তারা সাব-কন্ট্রাক্ট বা ঠিকা কাজ করেছে সিনটেক্স টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ও ম্যাক-টেক্স ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে। উভয়েই বিজিএমইএর সদস্য।গতকাল সোমবার পুড়ে যাওয়া স্মার্ট এক্সপোর্টে গিয়ে একে কোনো কারখানা বা পোশাকশিল্প মনে হয়নি। এটা বড়জোর হতে পারে একটি বড়সড় দর্জির দোকান। কারখানার কোনো শর্তই সেখানে নেই। নেই কোনো অনুমোদন। ছিল না ন্যূনতম অগ্নিনিরাপত্তার ব্যবস্থা। ভাড়া ঘরে সাইনবোর্ড টাঙিয়ে, গাদাগাদি করে সেলাই মেশিন বসিয়ে কাজ চলছিল। ঝুঁকির মুখেই বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক তৈরি করছিলেন তিন শতাধিক শ্রমিক।পুড়ে যাওয়া কারখানার এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল পোড়া-আধপোড়া ও কালো হয়ে যাওয়া জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন পোশাক। এসবের গায়ে আটকানো এসওএলস, বারশকা, লেফটিস, স্কট অ্যান্ড ফক্স, হাওয়াইয়ান অথেনটিক্স, ইনডিটেক্স, জি ব্লগের মতো বিখ্যাত সব ব্র্যান্ডের লোগো। পোড়া স্তূপের মধ্যে মৃন্ময় ফ্যাশন লিমিটেডের নামে করা সাব-কন্ট্রাক্ট বিলে দেখা যায়, তিন হাজার ৫০০ হুডেড জ্যাকেট তৈরির জন্য তিন লাখ ৫০ হাজার টাকা বিল করা হয়েছে। টঙ্গীর কনকর্ড ক্রিয়েশনস লিমিটেড ও কাফরুলের ইব্রাহিমপুরের ম্যাক্স-টেক্স ইন্ডাস্ট্রির সঙ্গে সাব-কন্ট্রাক্ট চুক্তি স্বাক্ষরের দলিলও পাওয়া গেছে ধ্বংসস্তূপে। আরও দুটি কারখানা এমএইচসি অ্যাপারেলস ও এনার্জিপ্যাক ফ্যাশনকে পোশাক সরবরাহ করত স্মার্ট। পোশাক সরবরাহের অর্ডার দেওয়া এই ছয়টি প্রতিষ্ঠানই বিজিএমইএর সদস্য।যোগাযোগ করা হলে বাংলাদেশে ইনডিটেক্সের মুখপাত্র রেজাউল করীম প্রথম আলোকে বলেন, তাঁরা কাজ দিয়েছিলেন সিনটেক্সকে। সেই কাজ স্মার্ট গার্মেন্টসে কীভাবে গেল, সেটা তাঁদেরও প্রশ্ন। তিনি বলেন, ‘তবে আমরা যে লেভেল নম্বরে কাজ দিয়েছিলাম, সেই নম্বর আমরা সরেজমিনে স্মার্ট গার্মেন্টসে পেয়েছি। ফলে সিনটেক্সের সঙ্গে চুক্তি বাতিল করে সব সম্পর্ক শেষ করা হয়েছে।’শুধু সিনটেক্স ও ম্যাক-টেক্স নয়, এমন বেশ কিছু পোশাকশিল্প আছে, যেগুলো বিদেশি ক্রেতাদের কাছ থেকে রপ্তানিকাজ নিয়ে ঠিকা দেয় অন্য কারখানাকে। এর মধ্যে আবার একই মালিকের প্রতিষ্ঠানও আছে, ভিন্ন নাম বা একই নামে পৃথক ইউনিটে ঠিকা কাজ দিয়ে করিয়ে নিয়ে রপ্তানি করা হচ্ছে।পোশাকমালিকদের একটি সূত্র বলছে, বিজিএমইএ বা বিকেএমইএর সদস্য নয় এমন কারখানা থাকার পেছনে নানাবিধ কারণ থাকে। যেমন, হয়তো একটা প্রতিষ্ঠান ব্যাংক ঋণ করে খেলাপি হয়েছে। ফলে সেই প্রতিষ্ঠানের নামে ব্যাংক অর্থায়ন নিয়ে রপ্তানি করা যাচ্ছে না। ফলে ভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে সেখান থেকে ব্যাংক-সুবিধা নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু ঠিকা কাজ করে খেলাপি প্রতিষ্ঠান। বিদেশি ক্রেতাদের কাছ থেকে রপ্তানিকাজ পেতে এখন পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোকে কারখানায় ক্রেতাদের শর্ত অনুসারে একধরনের কর্মপরিবেশ তৈরি করতে হয়। একশ্রেণীর শিল্পমালিক ক্রেতাদের কাছ থেকে কাজ নিয়ে কর্মপরিবেশ নেই এমন কারখানা থেকে অনেক কাজ করিয়ে নেন। এতে খরচ কম পড়ে। ঠিকা কাজের যে কারখানা তার কাজ থাকলে কারখানা খোলা থাকে, না থাকলে বন্ধ। শ্রমিকও সেভাবে নেওয়া হয়। অন্যান্য খরচও কাজের ভিত্তিতে হয়। বিজিএমইএর তালিকায় তাদের সদস্য নয় এমন দুটি প্রতিষ্ঠান হিসেবে নাম রয়েছে জাহিন টেক্সটাইল ইন্ডাঃ লিঃ (ইউনিট-৩) ও জাহিন টেক্সটাইল ইন্ডাঃ লিঃ (ইউনিট-৪)। এ দুটি গিভেন্সি গ্রুপভুক্ত প্রতিষ্ঠান। বিজিএমইএর সদস্য নির্দেশিকাতে (২০১১) গিভেন্সি ও জাহিন নামে দুটি সদস্যপদ পাওয়া যায়। আর কোম্পানির ওয়েবসাইটে মোট ১১টি ইউনিটের অস্তিত্ব দেখা যায়।বিজিএমইএর বর্তমান সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, তাঁদের তালিকায় কিছু ভুল থাকতে পারে, সেটা তাঁরা এবং সরকার আরও যাচাই-বাছাই করে দেখবে। তবে তিনি মনে করেন, এসব কারখানা একটি নীতিমালা ও তদারকির মধ্যে আসতে হবে। অগ্নিনিরাপত্তা সম্পর্কে জানেনই না কর্মীরা: গতকাল কথা হয় কারখানার নিরাপত্তাকর্মী (চেকার) ফারজানা বেগমের সঙ্গে। তিনি বলেন, মালিক শুধু তাঁকে একবার বলেছিলেন আগুন লাগলে যেন সবাই দ্রুত বের হয়ে যান। এ ছাড়া কখনো তাঁদের এ বিষয়ে কিছু বলাও হয়নি। কোনো অনুশীলনও হয়নি।ফারজানার দুই ছেলেমেয়ে সাব্বির ও লিমাও কাজ করেন স্মার্টে। তাঁরা জানান, ভবনের পেছনের কোনা থেকে ধোঁয়া বের হতে দেখেছেন তাঁরা। তত্ত্বাবধায়ক কাদের বলেন, ভবনের পেছনের দিকে টানা ১৭টি টয়লেট ছিল। এর ছয়টি ভেঙে ছোট গুদাম বানানো হয়েছে। ফারজানা জানান, এই গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল বলেন, নিহত এক কর্মীর বাবা কারখানার তিন পরিচালকসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।শ্রম মন্ত্রণালয়ে বৈঠক: এদিকে স্মার্ট ফ্যাশনসের পোশাকশ্রমিকদের চলতি মাসের বেতন পরিশোধের জন্য বিবিজএমইএ ও বিকেএমইএকে নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। কারখানাটির মালিককে খুঁজে না পাওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার শ্রম মন্ত্রণালয়ে স্মার্ট ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নিহত ব্যক্তিদের পরিবারকে এক লাখ টাকা করে অর্থ-সহায়তা ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।