নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা মমতাজউদ্দিন হত্যা মামলার নয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছেন তিনজন আসামিকে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী গতকাল বুধবার এ রায় দিয়েছেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লালপুরের ছাত্রদলের সাবেক নেতা আরিফ, বিএনপির কর্মী বাবু, যুবদলের নেতা ফারুক, বিএনপির নেতা আলম হোসেন, ছাত্রদলের সাবেক নেতা শামীম হোসেন, সুজন, যুবদলের নেতা আয়নাল হোসেন, মিঠু ও ছাত্রদলের সাবেক নেতা আসলাম হোসেন। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে তাঁদের আরও ছয় মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে বাবু ও আলম পলাতক রয়েছেন।এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি আনিসুর রহমান, সান্টু ও শুকুর বাবুকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় পলাতক দুই আসামি ছাড়া সাজাপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৬ জুন রাতে লালপুরের গোপালপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নেঙ্গুপাড়া ও দাইড়পাড়ার মাঝামাঝি এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে মমতাজউদ্দিনকে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মমতাজউদ্দিনের ভাই আবুল কালাম আজাদ লালপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৪ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। কিন্তু ওই বছরই হাইকোর্ট মামলাটি স্থগিত করেন। দীর্ঘ আট বছর স্থগিত থাকার পর গত বছরের ৪ নভেম্বর আবার বিচার শুরু হয়।রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মমতাজউদ্দিনের স্ত্রী সাংসদ শেফালী মমতাজ। তিনি সাংবাদিকদের বলেন, ‘রায়ে আমার পরিবার ও আত্মীয়স্বজনের প্রত্যাশা পূরণ হয়নি। আসামিদের ফাঁসির রায় হলে আমাদের প্রত্যাশা পূরণ হতো।’মামলার বাদী আবুল কালাম আজাদ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় পলাতক দুই আসামি ও আসামি শামীমের সর্বোচ্চ শাস্তি হবে, এটাই সবার প্রত্যাশা ছিল।মামলার সাক্ষীরা জানিয়েছেন, পলাতক আসামিরা তাঁদের হুমকি দেওয়ায় থানায় জিডি করা হয়েছে।