জুরাইনের আলমবাগের ফারজানা রিতা এবং তাঁর দুই শিশুসন্তান ইশরাক পাবন (১৩) ও রাইসা রাশমিন পায়েলের ‘প্ররোচিত আত্মহত্যা’ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুই মাসের তদন্তকাজ শেষে আজ বুধবার এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়।অভিযোগপত্রে রিতার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রিতার শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, ননদ কবিতা কবির, সুখন কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারী, রিতার গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানি আবদুল গাফফার—এ নয়জনকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে শিশুদের আত্মহত্যায় সহায়তা করা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও মনিবের সম্পদ গ্রাস করার অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় আসামিদের সর্বনিম্ন সাত বছর কারাদণ্ড ও সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।অভিযোগপত্র সম্পর্কে রিতার মা মাজেদা বেগম প্রথম আলোকে জানান, তিনি চান সব আসামির দৃষ্টান্তমূলক সাজা হোক। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, মামলাটি ‘সম্ভ্রমহানির কারণে আত্মহত্যা’ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(ক) ধারায় দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্তে এ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে দণ্ডবিধির ৩০৫, ৩০৬ ও ৩৮১ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান। তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলাটি ভুল ধারায় দায়ের করা হয়েছিল। এখন সঠিক ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ মামলায় ৪৪ জনকে সাক্ষী করা হয়েছে। এতে ৩০টি আলামত রয়েছে। এসব আলামতের মধ্যে রিতা ও তাঁর দুই সন্তানের হস্তলিপি, কাপড়চোপড় ও ঘুমের ওষুধ উল্লেখযোগ্য। পুলিশ জানায়, আলোচিত এ মামলায় এজাহারভুক্ত আট আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গৃহবধূ ফারজানা রিতার গাড়িচালক আল আমিন ও ওষুধের দোকানি আবদুল গাফফার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যতম আসামি শফিকুল কবির ও তাঁর পরিবারের সবাইকে দুই দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিদের সবাইকে গ্রেপ্তার করা হলেও পরে পাঁচজন জামিনে ছাড়া পান। রাশেদুল কবির, স্মৃতি, গাড়িচালক ও ওষুধের দোকানি এখনো কারাগারে। গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে রিতা, তাঁর ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে রাখেন। এসব লেখায় আসামিদের সবার নাম ছিল। এ ছাড়া ‘রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই’—এ কথা লেখা একটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে দেয়ালে লেখা ছিল। রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনা নিয়ে রিতার মা রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে। এ মামলায় নয়জনকে আসামি করা হয়। এর সাত দিন পরে মামলাটি তদন্তের ভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্তের একপর্যায়ে ঘুমের ওষুধ বিক্রেতা আবদুল গাফফারকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে জানান, স্বীকারোক্তি ছাড়াও অভিযোগের সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এগুলো অভিযোগপত্রের সঙ্গে দেওয়া হয়েছে। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা হবে বলে তিনি মনে করেন।