হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই শিশুসহ মায়ের আত্মাহুতির ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মাধবপুরের আন্দিউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নয়জনকে তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ২৩ আগস্ট নয়জনকে আদালতে হাজির হয়ে এ ঘটনায় তাঁদের ভূমিকা জানাতে বলা হয়েছে।এ ছাড়া ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে এবং মাসহ দুই শিশুকে বাঁচাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন—ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি সদস্য তপন দেব, সাবেক ইউপি সদস্য মলয় মিয়া ও আবদুর রহমান, ফজলুর রহমান, করিম খাঁ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল চৌধুরী, থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক এবং শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন। এদিকে এ ঘটনায় গতকাল মাধবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই ইয়াছিনুল হক বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে এই মামলার আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।উল্লেখ্য, ‘অপবাদ-সালিস-অপমান, দুই শিশুসহ মায়ের আত্মাহুতি’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। হবিগঞ্জের শাহপুর রেলস্টেশনের কাছে গত সোমবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেসের নিচে চার সন্তান নিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ ফেরদৌসী আক্তার। এতে তাঁর দুই সন্তানও মারা যায়। আহত অপর দুই সন্তান জীবন ও স্বর্ণা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।গৃহবধূ ফেরদৌসীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে রমজানের দুই রাত আগে এক সালিস বৈঠকে তাঁকে কান ধরে ওঠবস করান গ্রামের মাতব্বরেরা। পরে তাঁকে সমাজচ্যুত করার ঘোষণা দেন। এই অপমান সইতে না পেরে সন্তানদের নিয়ে আত্মহননের পথ বেছে নেন ফেরদৌসী। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সোহরাব হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জানতে চাইলে মাধবপুর থানার পরিদর্শক শাহজাহান প্রথম আলোকে বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।ফেরদৌসীর বাড়ি মাধবপুরের আন্দিউরা ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর স্বামী জিল্লুর রহমান আড়াই বছর আগে দুবাই যান। ফেরদৌসীর বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামে। আমাদের আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, গতকাল ফেরদৌসীর বাবার বাড়ি সেজামোড়ায় গিয়ে দেখা যায়, মেয়ে হারানোর শোকে তাঁর মা রাবিয়া খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বিলাপ করে বলছেন, ‘ভালো ঘর দেইখ্যা মাইডারে বিয়া দিছিলাম, নাতি, নাতনিডির লাইগ্গা ঈদের জামা-কাপড় কিনতাম কইছি। তোরা আমার মাইয়া আর নাতি-নাতনিদের আইন্না দে।’ আর ফেরদৌসীর বাবা ফজলুর রহমান পরশু থেকেই নির্বাক। মুখে কোনো কথা নেই। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। ফেরদৌসীর ছোট ভাই মোহাম্মদ মিয়া গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হবিগঞ্জে ময়নাতদন্ত শেষে তিনি তাঁর বোন ও ভাগনে-ভাগনির লাশ বুঝে নিয়েছেন। রাত আটটা নাগাদ লাশগুলো বিজয়নগরের সেজামোড়ায় পৌঁছাতে পারে। সেখানেই তাদের দাফন করা হবে।