সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ সোমবার সকালে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব দাশ অভিযোগপত্র দাখিল করেন।অভিযুক্তরা হচ্ছেন: চেঙ্গেরখালের পার্শ্ববর্তী নলকট গ্রামের গুলজার মিয়া ওরফে গুলজার মাঝি (৩৫), একই গ্রামের বাসিন্দা ছইল মিয়া, শাহিন আহমদ, লাল মিয়া, সাইম মিয়া, জালাল মিয়া, রকিব আহমদ, আবদুল্লাহ ও সেলিম আহমদ।এ ছাড়া মামলার অভিযোগ থেকে তিনজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তাঁরা হলেন তারেক আহমদ, সুহেল মিয়া ও সইল মিয়া।অব্যাহতির সুপারিশপ্রাপ্ত তিনজন ও অভিযুক্ত নয়জন বর্তমানে কারাগারে আছেন। এই ১২ জনই চেঙ্গেরখালে নৌকায় বালুশ্রমিকের কাজ করতেন।গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে বাদাঘাটের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর বখাটেদের হামলায় নিহত হন। পরদিন তাঁদের মরদেহ নদী থেকে উদ্ধারের পর নৌকার মাঝি গুলজার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন।দাখিল করা অভিযোগপত্রের সঙ্গে হত্যাকাণ্ডের ১৪টি আলামত আদালতে পেশ করা হয়েছে। পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ছাত্র-শিক্ষক, স্থানীয় জনতাসহ ৩৯ জন সাক্ষী রাখা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে জানান, গুলজার মাঝি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশিত হয়। পরে এলাকাবাসী উদ্যোগী হয়ে হামলাকারীদের পরিবারের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।অভিযোগপত্রে গুলজার মাঝি ও ছইল মিয়ার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির উদ্ধৃতি দিয়ে নয়জনকে অভিযুক্ত করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রছাত্রীদের নৌকাভ্রমণে নিয়ে যাওয়ার পর একটি নতুন মুঠোফোনের প্রলোভনে গুলজার মাঝি নৌকা তীরে ভেড়ান। অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রছাত্রীদের ওপর হামলা করে টাকা ও ছাত্রীদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। বাধা দিলে দুই ছাত্র দীপঙ্কর ও খায়রুলকে মারধর করে নদীতে ফেলে হামলাকারীরা পালিয়ে যান। পরদিন চেঙ্গেরখাল থেকে দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।