নয়নও চলে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সেই সড়ক দুর্ঘটনায় আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আহত ছাত্র নয়নচন্দ্র শীলও অবশেষে চলে গেল।দুর্ঘটনার চার মাস ১৫ দিন পর গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নয়নের মৃত্যু হয়। এতে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৪ জনে দাঁড়াল। এর মধ্যে ৪২ জনই ছাত্র।গতকাল শুক্রবার সকালে নয়নের লাশ ঢাকা থেকে মিরসরাইয়ের মায়ানী গ্রামের বাড়িতে পৌঁছালে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গত ১১ জুলাই মিরসরাই স্টেডিয়ামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফুটবল খেলা দেখতে যায় আবুতোরাব এলাকার শিক্ষার্থীরা। খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফিরছিল তারা। ট্রাকটি আবুতোরাব বড় তাকিয়া সড়কের সৈয়দ আলী স্থানে উল্টে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে ওই দিনই ৩৭ জন ছাত্রসহ ৩৯ জন নিহত হয়। আহত হয় ১৮ জন। আহতদের মধ্যে নয়নসহ আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিন ছাত্রকে গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ভারতে নেওয়ার কথা ছিল। কিন্তু ওই রাতেই রায়হান উদ্দীন ও ১৯ সেপ্টেম্বর সকালে জুয়েল বড়ুয়া মারা যায়। তিন ছাত্রের চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘দুর্ঘটনার কিছুদিন পর নয়নের দুই চোখ নষ্ট হয়ে যায়। শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছিল। এরই মধ্যে নয়নের চারবার অস্ত্রোপচার করা হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে ও সবাইকে ছেড়ে চলে গেল।’ গতকাল সকালে নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, আশপাশের গ্রামের অসংখ্য মানুষ শেষবারের মতো নয়নকে দেখতে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা নীলিমা রানী শীল। দুই বোন শিউলী ও শিপ্রার সঙ্গে কথা বলতে গেলেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। মায়ানী গ্রামের নূরের জাহান (৬০) বলেন, গত চার মাসে এ এলাকায় শুধু শোক। দুর্ঘটনার এত দিন পর নয়নের মৃত্যুর খবর শুনে গতকাল এলাকার কারও ঘরের চুলায় আগুন জ্বলেনি। নয়নের জেঠাতো ভাই বাসুদেব শীল বলেন, নয়ন তিন বছর বয়সে বাবাকে হারায়। এরপর মা নীলিমা এবং দুই বোন শিউলী ও শিপ্রা একমাত্র ভাইকে লেখাপড়া শিখিয়ে বড় করতে প্রাণান্ত চেষ্টা করেন। গত ১১ জুলাই দুর্ঘটনার আগে নয়নের বড় বোন শিউলীর বিয়ে ঠিক হয়। কিন্তু নয়ন আহত হওয়ায় বোনের বিয়ে পিছিয়ে যায়। গত সোমবার শিউলীর বিয়ে হয়। কিন্তু বিয়ের চার দিন পরই নয়নের মৃত্যু হলো।বেলা একটায় পারিবারিক শ্মশানে নয়ন শীলের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির নিজামী, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষক, ছাত্রসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল।