মেঘ আর মেঘ। নিচে দিগন্ত ছুঁয়ে থাকা বঙ্গোপসাগরের অপার জলরাশি। ওপরে গগনজোড়া তুলোর মতো পেঁজা পেঁজা মেঘমালা। কোথাও মেঘের আড়াল থেকে উঁকি দেওয়া সূর্যের রুপালি আলোর ঝলকানি। কোথাও অস্তাচলগামী সূর্যের রক্তিম আভায় বর্ণাঢ্য হয়ে আছে আকাশ আর সমুদ্রের ঊর্মিমুখর তরঙ্গমালা। কোনো দৃশ্যে জল আর জ্যোৎস্নার কাব্য। যাঁর ক্যামেরা বন্দী করেছিল এই মেঘ-সমুদ্রের মিতালি, কেবল তিনি নেই। ওই অনন্ত আকাশ, ওই শুভ্র মেঘের বিপুল বিস্তারের কোথাও কোনোখানে এখন তাঁর ঠিকানা। তিনি অকালপ্রয়াত তরুণ গণমাধ্যমকর্মী তানভীর জাহিদ নয়ন। গতকাল বুধবার বিকেলে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে শুরু হলো তানভীর জাহিদ নয়নের একক আলোকচিত্র প্রদর্শনী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন আলী যাকের। নয়নের কাজ সম্পর্কে বলেন সামিয়া জামান ও মনিরুজ্জামান। প্রদর্শনীতে আলোকচিত্র রয়েছে ৪০টি। ৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।মাত্র ৩২ বসন্ত পেরোনো তরুণ গণমাধ্যমকর্মী নয়নের জীবনপ্রদীপ অকস্মাৎ নির্বাপিত হয়ে যায় গত ১৪ অক্টোবর। গাজীপুরে বেড়াতে গিয়েছিলেন সবান্ধব। বন্ধু লিপু-ইরা দম্পতি পুকুরে গোসল করতে নেমে ডুবে যেতে থাকলে নয়ন ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের উদ্ধার করতে। বন্ধু দম্পতির সঙ্গে তিনিও চলে যান না-ফেরার দেশে। নয়নের জন্ম ১৯৭৯ সালে, ঝিনাইদহে। তিনি সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা করেছিলেন নেদারল্যান্ড থেকে। কাজ করেছেন একুশে টিভি, এটিএন বাংলা, সিএসবি ও বিবিসিতে। সর্বশেষ যুক্ত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ’৭১-এ। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু নাটক ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। ছবি আঁকতেন, আগ্রহ ছিল সংগীতে। তবলা ও গিটারবাদনের তালিম নিয়েছিলেন। তবে আলোকচিত্রের প্রতি ছিল তাঁর বিশেষ দুর্বলতা। সেটি শৈশব থেকেই। এই ভালোলাগা ধরে রেখেছিলেন। আলোকচিত্রী হিসেবে সেই অর্থে আগে সামনে আসেননি। এই প্রদর্শনীর মধ্য দিয়েই আলোকচিত্রী নয়নের পরিচয়টি যখন প্রকাশিত হলো, তিনি তখন এই পৃথিবীর সুখ-দুঃখের অনেক ঊর্ধ্বে। আবহমান বাংলার নিসর্গের রূপেই মুগ্ধ ছিলেন নয়ন। তাঁর কাজে বাংলার নৈসর্গিক সৌন্দর্যই উদ্ভাসিত হয়েছে। সমুদ্রসৈকত, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, নদীর অববাহিকা, মৎস্য শিকার, নৌকায় যাতায়াত, বিভিন্ন ধরনের ফুল, প্রবীণ বটগাছ, প্রজাপতি, ফড়িং, আদিবাসীদের মৃত্তিকাসংলগ্ন জীবনযাত্রা, নির্মল হাসিতে উদ্ভাসিত তাদের মুখ, অলংকারসজ্জিত আদিবাসী তরুণী, সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের বিশেষ কিছু মুহূর্ত তিনি তুলে ধরেছেন। প্রকৃতি ও জীবনকে তিনি দেখেছেন বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে। তাঁর সেই দেখাই ফ্রেমে বাঁধাই হয়ে আছে গ্যালারি চিত্রকে। গান, কথায় কলিম শরাফীকে স্মরণসূর্যস্নান ছবিতে ব্যবহূত হয়েছিল গানটি। ‘পথে পথে দিলাম ছড়াইয়া রে...’। তাঁর ভরাট কণ্ঠে গানটি আজও অনেককে স্মৃতিকাতর করে তোলে। এ গানের প্রসঙ্গ এলে অনেকেরই মানসপটে স্মিত হাসিতে ভরা একটি সৌম্যকান্তি মুখ ভেসে ওঠে। তিনি সর্বজনশ্রদ্ধেয় সংগীতজ্ঞ কলিম শরাফী। তাঁর ভরাট কণ্ঠের গান আর শোনা যাবে না। গত বছর ২ নভেম্বর চলে গেছেন চিরতরে। এক বছর পর গতকাল বুধবার গান, স্মৃতিচারণা ও আবৃত্তিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চার অন্যতম পথিকৃৎ কলিম শরাফীকে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। শোকের আবহ আর স্মরণের আবেগঘন এ অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান রবীন্দ্রসংগীত শিল্পীদের গানের পাশাপাশি দর্শক-শ্রোতাদের দেখানো হয়্র কলিম শরাফীর গাওয়া কালজয়ী গানের ভিডিওচিত্র।‘তবু মনে রেখো’ শিরোনামের এ অনুষ্ঠান শুরু হয় আয়োজক সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে গাওয়া ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনার মধ্য দিয়ে। সূচনা সংগীতের পর ছিল আলোচনা পর্ব। এতে অংশ নেন নওশাবা খাতুন, তপন মাহমুদ, সাজেদ আকবর, আমিনা আহমেদ, বিশ্বজিৎ রায়, হাসি বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, ‘পাকিস্তান আমলে রবীন্দ্রসংগীত চর্চা ছিল মূলত বাঙালিত্ব অর্জনের লড়াই। এ লড়াইয়ে কলিম শরাফী অগ্রণী ভূমিকা পালন করেন। কর্মজীবনে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো সংগীত থেকে বিচ্যুত হননি, যুক্ত ছিলেন আদর্শিক কাজের সঙ্গে।’ বক্তারা কলিম শরাফীকে আকর্ষণীয় চরিত্রের ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন। তাঁরা বলেন, তাঁর গায়নশৈলীর অভিনবত্ব এমন এক বৈভব এনেছিল, যা শ্রোতাকে বিমোহিত করে। পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে এবং অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে কলিম শরাফীর ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে বলে তাঁরা মন্তব্য করেন।অনুষ্ঠানে গান গেয়ে শোনান তপন মাহমুদ, সালমা আকবর, সাজেদ আকবর, গোলাম হায়দার, আমিনা আহমেদ, মহাদেব ঘোষ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন প্রমোদ দত্ত। ‘আমলার মামলা’র উদ্বোধনী প্রদর্শনীআমলার মামলা নিয়ে এল ঢাকা থিয়েটার মঞ্চ। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে হলো নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। শওকত ওসমানের গল্প ‘আমলার মামলা’ অবলম্বনে এর মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। কাহিনির মূল বিষয়বস্তু ঠিক রেখে সত্তরের দশকের যুদ্ধ-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে আমলার মামলা।নাটকের প্রধান চরিত্র আখুঞ্জির আমলাতান্ত্রিক ব্যবহারে তার পারিবারিক জীবনে তৈরি হওয়া নানা হাস্যরসাত্মক দ্বন্দ্ব নিয়ে গল্পের শুরু। এ প্রসঙ্গে নির্দেশক গোলাম সারোয়ার বলেন, ‘শওকত ওসমান “আমলার মামলা” গল্পটি লিখেছেন ১৯৪৯ সালে। কিন্তু এরপর ঘটনাপ্রবাহে অনেক পরিবর্তন এসেছে। সে বিষয়গুলো যুক্ত করা হয়েছে নাটকে। আমরা তাঁর ভাবনাকে মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সম্পৃক্ত করে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছি।’