নয়াদিল্লিতে ধর্ষণ-হত্যা মামলার অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে মেডিকেল-ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচ আসামির বিরুদ্ধে আজ শনিবার অভিযোগ গঠন করেছেন দ্রুতবিচার আদালত। মঙ্গলবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ ও বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন মেডিকেলের ওই ছাত্রী (২৩)। পরে তাঁকে ও তাঁর বন্ধুকে বেদম মারধর করে বাস থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত বছরের ২৯ ডিসেম্বর ওই ছাত্রী মারা যান।গত ৭ জানুয়ারি দিল্লির একটি আদালতে সন্দেহভাজন পাঁচজনের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়। ষষ্ঠ অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার মামলা চলবে কিশোর আদালতে।আদালতে দাখিল করা অভিযোগপত্রে দিল্লি পুলিশ বাসচালক রাম সিং, তাঁর ভাই মুকেশ, ফলবিক্রেতা পবন গুপ্ত, শরীরচর্চার প্রশিক্ষক বিনয় শর্মা ও বাসের পরিচ্ছন্নতাকর্মী অক্ষয় ঠাকুরের বিরুদ্ধে ধর্ষণ ও হামলার আলামত নষ্ট করা ও অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।এর আগে অভিযোগ গঠনের বিষয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। আজ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন আদালত। আইনজীবীরা জানিয়েছেন, আজ অভিযোগ গঠনের পর লিখিতভাবে নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা।১৯ থেকে ৩৫ বছর বয়সী অভিযুক্ত পাঁচজনের ডিএনএ পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের মৃত্যুদণ্ড হতে পারে।ছয় অভিযুক্ত আসামির মধ্যে পাঁচজন নয়াদিল্লির তিহার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। গত বছরের ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে সন্দেহভাজন সব অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গত ২১ জানুয়ারি দ্রুতবিচার আদালতে এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। এই মামলার কার্যক্রম রুদ্ধদ্বারে (ক্যামেরা ট্রায়াল) পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারকাজ চলার সময় বিচারক, দুই পক্ষের নির্দিষ্টসংখ্যক আইনজীবী ও আসামি ছাড়া অন্য কেউ আদালতকক্ষে উপস্থিত থাকতে পারছেন না।