নয়াদিল্লিতে শিশু ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় দিল্লিজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।গ্রেপ্তার হওয়া মনোজ পেশায় একজন দর্জি। তাঁকে বিহার রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন মনোজ। তাঁকে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, রাজধানী নয়াদিল্লির নিম্ন-মধ্যবিত্ত অধ্যুষিত একটি এলাকায় গত সোমবার বাসার বাইরে শিশুটি খেলছিল। এ সময় তাকে অপহরণ করে একটি ঘরে দুই দিন তালাবদ্ধ রাখা হয়। সেখানে তার ওপর চালানো হয় নির্যাতন। তালাবদ্ধ ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটির কান্নার শব্দ শুনে একজন পথচারী পুলিশে খবর দেন। পরে তাকে উদ্ধার করা হয়। শিশুটির অভিভাবকেরা অভিযোগ করেন, ধর্ষণের এ ঘটনায় পুলিশ দায়সারা তদন্ত করছে।কর্তব্যে অবহেলা ও শিশুটির পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গান্ধীনগর থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিশুটির বাবা অভিযোগ করেন, গান্ধীনগর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাঁদের হাতে দুই হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলে। অপহরণের দুই দিন পর বুধবার ওই শিশুকে উদ্ধার করে দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আর এন বনসল এনডিটিভিকে বলেন, ‘শিশুটিকে গুরুতর জখম অবস্থায় আমাদের কাছে আনা হয়। তার দেহের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষত ছিল।’ চিকিৎসকেরা বলেন, নির্যাতন চালিয়ে শিশুটিকে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে।এ ঘটনায় দিল্লিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল হাসপাতালের বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়। তারা পুলিশ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং এই নির্মম ঘটনার বিচার দাবি করে। ভারতের নারী অধিকারকর্মীরাও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।গত বছর দিল্লিতে একটি চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দেশটিতে নারী ও কন্যাশিশুর মর্যাদা ও তাদের নিরাপত্তা নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের রেশ না কাটতেই আবার শিশু ধর্ষণের ঘটনা ঘটল।