স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানশালডাঙ্গা থেকে বোদা পর্যন্ত পাকা রাস্তা। নয়াদীঘি (পঞ্চগড় জেলাধীন) পড়েছে এই দুইয়ের মাঝখানে। এখানে ঘাঁটি করেছে পাকিস্তানি সেনারা। সীমান্ত এলাকা, তাই পাকিস্তানি বাহিনী খুব হুঁশিয়ার। মুক্তিবাহিনীর দাবড়ে পাকিস্তানি সেনারা থিতু হতে পারছে না। নিয়ম করে নয়াদীঘি-সাকোয়াতে টহল দিচ্ছে।১ অক্টোবর, ১৯৭১ মুক্তিযোদ্ধারা নয়াদীঘি আক্রমণ করে, শত্রুপক্ষ পিছু হটে সাকোয়ায় চলে গিয়ে ৩ অক্টোবর আবার ফিরে আসে। সোর্স খবর এনেছে—পাকিস্তানি সেনারা নয়াদীঘিতে শক্তি বাড়াতে চাইছে। নয়াদীঘিতে তাদের শক্ত ঘাঁটি খুবই জরুরি। মুক্তিবাহিনীকে ঠেকানো না গেলে মূল ঘাঁটি বোদার ওপর আক্রমণ হতে পারে।মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের জেঁকে বসার সুযোগ দেবে না। সময় নষ্ট না করেই আঘাত হানতে হবে। আক্রমণ হবে প্রকাশ্য দিবালোকে।টিপ টিপ বৃষ্টি হচ্ছে। পাকিস্তানি বাহিনী বৃষ্টি পছন্দ করে না। আক্রমণের জন্য এটা একটা ভালো সুযোগ। অপারেশনের পরিকল্পনা করা হলো। খুবই অতর্কিতভাবে হামলা হবে। প্রচণ্ড গোলাগুলি করে পাকিস্তানি সেনাদের ছত্রভঙ্গ করে ফেলতে হবে। রসদ ও হাতিয়ারের ডিপোগুলো উড়িয়ে দেওয়া হবে। বাংকার ধসানো হবে বিস্ফোরক ছুড়ে। দুই দিকের রাস্তায় অ্যান্টি পারসোন্যাল মাইন বসিয়ে বুবি ট্রাপ তৈরি করা হবে। শত্রুর সাহায্যে কোনো বাহিনী আসতে চাইলে পথেই পটল তুলবে। যোগাযোগ ঠেকিয়ে রাখতে একটি ব্রিজও উড়িয়ে দেওয়া দরকার। এই বিরাট যজ্ঞ সাধন করতে ৩০ জনের একটি দল গড়া হয়েছে। সবার কোমরে দুটো করে গ্রেনেড। রাইফেল, এসএলআর, এলএমজি, দুই ইঞ্চি মর্টার। দলপতি মাহবুব আলম। আক্রমণে সামনের সারিতে আছেন একরামুল, মধু, মতিয়ার আর শম্ভু।মাহবুবের নেতৃত্বে সকাল নয়টায় যাত্রা শুরু হয়েছে। হাসান মাঝি করতোয়া নদীর ঘাটে অপেক্ষা করছেন। মুক্তিবাহিনী আসতেই তিনবারে সবাইকে নদী পার করে দিলেন তিনি। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে মুক্তিফৌজ নয়াদীঘির জেলা বোর্ডের রাস্তায় উঠে এসেছে। মতিয়ারের কাঁধে স্টেনগান। তাঁর আঙুল ট্রিগারের ওপর। বয়স কম, উত্তেজনায় হাত নিশপিশ করছে। স্টেনগান ঢাকতে সারা শরীরে চাদর জড়িয়ে নিয়েছেন। মূল দল থেকে তাঁকে কিছুটা এগিয়ে রাখা হয়েছে। মতিয়ার সাধারণ হাটুরের মতো নয়াদীঘি বাজারে ঢুকে সুবিধাজনক পজিশনে থেকে ফায়ার করবেন, ওই ফাঁকে বাদবাকিরা চারদিক থেকে হামলা শুরু করবে।কিন্তু মতিয়ার একটা মস্ত ভুল করে বসলেন। তাঁর অনিচ্ছাতেই চাদরের নিচে লুকানো স্টেনগান থেকে একটা ব্রাশ সশব্দে বেরিয়ে গেল। দূরের মুক্তিযোদ্ধারা হতভম্ব। এখন গুলি হওয়ার কথা নয়! কিছুই গোছানো হয়নি। আর এক মুহূর্তও দেরি না করে বাংকারের কাছাকাছি পৌঁছে পাকিস্তানি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়তে হবে।অহিদারকে রাস্তা থেকে নয়াদীঘির ওপর শেল ছুড়তে বলা হলো। একরামুল তাঁর দল নিয়ে ডানে গেলেন, খলিল বাঁ দিকে। মাহবুব তাঁর দল নিয়ে রাস্তা ধরে গুলি ছুড়তে ছুড়তে ছুটছেন। প্রথম মিসফায়ারেই পাকিস্তানি সেনারা ঘটনা বুঝে ফেলেছে। কাদাপানি ভেঙে মুক্তিবাহিনী ছুটছে। মূল ঘাঁটি ছেড়ে কিছুটা সরে এসে বাজারের দক্ষিণ দিক থেকে পাকিস্তানি বাহিনী পাল্টা আক্রমণ চালাচ্ছে। সামনে থেকে আক্রমণ চালাচ্ছেন ইকরামুল। পাকিস্তানি সেনাদের আক্রমণের ঝাপটা তাঁর ওপর দিয়েই যাচ্ছে। তিনি খেতের মধ্যে একটা আইলের পেছনে আড়াল নিতে পেরেছেন। পুকুরের দিক থেকে মর্টার ছুড়তে অহিদারকে বলা হয়েছে। নয়াদীঘি-সাকোয়া রাস্তা থেকে গ্রেনেড ছুড়বে খলিলের দল।একযোগে পাঁচটি গ্রেনেড ফাটল। মুক্তিবাহিনীর নিখুঁত নিশানা। দুটি বাংকারের ওপর গ্রেনেড পড়ায় পাকিস্তানি সেনারা উধাও হয়ে গেছে। মাহবুব সঙ্গে সঙ্গে বাংকার দুটি দখলে নিয়ে নিলেন। রাস্তার ওপর আরও দুটি বাংকার ভেঙে পড়ল। শম্ভু আর মালেক ছুটে এসে এই দুই বাংকারও কবজা করে ফেললেন। একরামুল লড়াই চালিয়ে যাচ্ছেন। অহিদার মর্টার ছুড়ছেন। পকেটে গ্রেনেড আর গুলির প্যাকেট ঠেসে মাহবুব চৌরাস্তায় দাঁড়িয়ে। খলিলের দল ‘জয় বাংলা’ ধ্বনি তুলে দৌড়াচ্ছে।হঠাৎ কমান্ডার মাহবুবের চোখে পড়ল শম্ভু আর হাসান এগিয়ে আসছেন। তাঁরা দুজনে এক পাকিস্তানি সেনাকে পাকড়াও করে নিয়ে আসছেন। সামনে বীর বিক্রমে দাঁড়িয়ে আছেন মুক্তিযোদ্ধারা। হঠাৎ পাকিস্তানি সেনাটি বোকার মতো দৌড় দিল। পালানোর চেষ্টা। মুক্তিবাহিনী গুলি করল।নয়াদীঘি বাংকার সম্পূর্ণরূপে পাকিস্তানি সেনামুক্ত। প্রায় বিনা ক্ষয়ক্ষতিতে মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাদের উৎখাত করে ফেলেছে।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-ছয়)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা