নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। একই সঙ্গে বিজয়নগরে হোটেল একাত্তরের সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ সোমবার বিকেলের এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লোকজনকে আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের দিকে ছোটাছুটি করতে দেখা গেছে। ওই এলাকার সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।জানা গেছে, বিকেল পৌনে পাঁচটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি শক্তিশালী বোমা ও সাড়ে চারটার দিকে বিজয়নগরে হোটেল একাত্তরের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।এদিকে সারা দেশে চোরাগোপ্তা হামলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ওপর পুলিশের হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ২১ ডিসেম্বর মহানগরে গণমিছিল করবে প্রধান বিরোধী দল বিএনপি।আজ বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এক সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন বেলা আড়াইটার সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল শুরু হবে।সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, ‘এ সরকারের বিরুদ্ধে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আরও কঠিন আন্দোলনে নামতে হবে।’ এই সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনে নামার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।তবে দুপুর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। কাউকেই ভেতরে ঢোকতে দেওয়া হচ্ছিল না। পরে অবশ্য সাড়ে তিনটার দিকে পুলিশ বিএনপিকে ৩০ থেকে ৩৫ মিনিটের সংক্ষিপ্ত সমাবেশ করার অনুমতি দেয়।পুলিশ বিএনপির কার্যালয়ের সামনে থেকে একজন পথচারীকে আটক করে। তবে আটক করা ব্যক্তির নাম-পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, মঈন খান প্রমুখ উপস্থিত ছিলেন।