নয়াপল্টনে মহাসমাবেশ করার প্রস্তুতি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কেই ১২ মার্চ মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকা এ কথা বলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চারদলীয় জোটের ১২ মার্চের মহাসমাবেশের জন্য মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান অথবা নয়াপল্টন এলাকা ব্যবহারের অনুমতি চেয়ে প্রায় দুই সপ্তাহ আগে আবেদন করেছে বিএনপি। কিন্তু গতকাল পর্যন্ত দলটির জন্য কোনো স্থান বরাদ্দ দেওয়া হয়নি। অবশ্য সাদেক হোসেন খোকা মনে করেন, শেষ পর্যন্ত নয়াপল্টনে কর্মসূচি পালনের অনুমতি দিতে সরকার বাধ্য হবে। তাই দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দাবি করেন, ওই দিন শাহবাগ থেকে মধুমিতা সিনেমা হল এবং পল্টন থেকে মালিবাগ পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হবে। মন্ত্রীদের পুলিশ হেফাজতে থাকার পরামর্শ: সাদেক হোসেন খোকা সরকারের কয়েকজন মন্ত্রীকে হুঁশিয়ার করে বলেন, ‘যেসব মন্ত্রী ইতিমধ্যে নানা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জনরোষে পড়েছেন, তাঁদের বলব, ১২ মার্চ ঘর থেকে বের হবেন না। বের হলে জনরোষে পড়তে পারেন।’ তিনি এসব মন্ত্রীদের পুলিশ হেফাজতে থাকার পরামর্শ দিয়েছেন।ঢাকার সাবেক এই মেয়র অভিযোগ করেন, সরকার বিএনপির মহাসমাবেশে বাধা দিচ্ছে। তালিকা করে ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতিদিনই দলের কোনো না কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। এ ছাড়া ঢাকায় বাইরে থেকে আসা নেতা-কর্মীদের খাওয়ার ব্যবস্থা করতে ১২ মার্চের জন্য কোনো কমিউনিটি সেন্টার ভাড়া পাওয়া যাচ্ছে না। এসবই কর্মসূচিকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। তিনি বলেন, ১২ মার্চ মহাসমাবেশ হবে শান্তিপূর্ণভাবে।সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, শামসুল হুদা, আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।